August 15, 2026, 12:55 am

দুই মেয়েসহ ‘নিখোঁজ’ নারী উদ্ধার, ছিলেন বান্ধবীর বাসায়

দুই মেয়েসহ ‘নিখোঁজ’ নারী উদ্ধার, ছিলেন বান্ধবীর বাসায়

লক্ষ্মীপুরের রামগতিতে দুই মেয়ে সুরাইয়া জাহান সামিয়া (৮) ও বিবি ফাতেমাসহ (৪) ‘নিখোঁজ’ মা মারজাহান বেগমকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ৪ দিন পর দুই মেয়েসহ ওই নারীকে তার বাবা জাফর আহমেদের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে সকালে তাকে চট্টগ্রামের পাহাড়তলি বান্ধবীর বাসা থেকে উদ্ধার করে রামগতি থানা পুলিশ। মারজাহান রামগতি উপজেলার রামদয়াল এলাকার ব্যবসায়ী মো. হেলালের স্ত্রী।

পুলিশ জানায়, মারজাহানের সঙ্গে তার স্বামী মো. হেলালের সঙ্গে কলহ ছিল। এতে রাগ করে মেয়েদের স্কুলে না নিয়ে মারজাহান চট্টগ্রামের পাহাড়তলি এলাকায় বান্ধবীর বাসায় চলে যায়। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়।

পরে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। দুই মেয়েসহ মারজাহানকে তার বাবা নোয়াখালী সদর উপজেলার দক্ষিণ শুল্লকিয়ার বাসিন্দা জাফর আহমেদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

মারজাহানের বড় মেয়ে সামিয়া রামদয়াল বাজার আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমির ছাত্রী। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সামিয়ার পরীক্ষা ছিল। সকাল ৯টার দিকে সামিয়া ও ছোট মেয়ে ফাতেমাকে নিয়ে তিনি স্কুলের উদ্দেশে ঘর থেকে বের হয়।

কিন্তু সকাল ১০টায় তার স্বামী হেলালকে স্কুলশিক্ষক শিলা আক্তার ফোন দিয়ে জানান, সামিয়া স্কুলে পরীক্ষা দিতে যায়নি। এতে হেলাল বিভিন্ন স্থানে স্ত্রী-সন্তানদের খুঁজতে বের হন। কিন্তু সম্ভাব্য সবখানে তাদের খুঁজে পাওয়া যায়নি। পরে তিনি রাতেই রামগতি থানায় জিডি করেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, বিভিন্ন থানায় দুই মেয়েসহ মারজাহানের সন্ধানে খবর পাঠিয়েছি। কিন্তু কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে মোবাইল নাম্বার ট্র্যাকিং করে তাদের পাহাড়তলি থেকে উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরেই তিনি বান্ধবীর বাসায় চলে যান।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com