November 24, 2026, 3:10 am

লেনদেন হবে ডিজিটাল মাধ্যমে, যাওয়া যাবে না ব্রোকারেজ হাউসে

লেনদেন হবে ডিজিটাল মাধ্যমে, যাওয়া যাবে না ব্রোকারেজ হাউসে

করোনাভাইরাসে ঊর্ধ্বগতি ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এই বিধিনিষেধের মধ্যে চালু থাকবে শেয়ারবাজারের লেনদেন। তবে বিনিয়োগকারীরা সশরীরে কোনো প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারবেন না। লেনদেন হবে শুধু ডিজিটাল পদ্ধতিতে।

সরকার থেকে বিধিনিষেধ আরোপের পর শেয়ারবাজারের লেনদেন চালু রেখে এমন নির্দেশনা দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পাশাপাশি কঠোর বিধিনিষেধের মধ্যে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদের চলাচলের জন্য বিশেষ পাসের ব্যবস্থা করেছে বিএসইসি।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সই করা এ সংক্রান্ত পাসে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ঘোষিত চলাচলে বিধি-নিষেধ আরোপকালীন সময়ে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান খোলা থাকবে, যা ৫ জুলাই থেকে কার্যকর হবে।

জরুরি আর্থিক ব্যবস্থাপনার স্বার্থে (পুলিশ মহাপরিদর্শকের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে) এই আদেশ বাহককে অবাধ চলাচলের সুযোগ প্রদানের অনুরোধ জানানো যাচ্ছে।

এদিকে, শেয়ারবাজারে লেনদেন চালানোর বিষয়ে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, পুঁজিবাজার যেহেতু একটি সংবেদনশীল আর্থিক বাজার এবং এর লেনদেনের সঙ্গে বিনিয়োগকারীদের আর্থিক লেনদেন সংশ্লিষ্ট কাজেই সরকারঘোষিত কার্যাবলী/ চলাচলে বিধিনিষেধ আরোপকালীন সময়ে বিএসইসি সীমিত আকারে পুঁজিবাজার সংশ্লিষ্ট কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। যা আগামী ৫ জুলাই থেকে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এতে বলা হয়েছে, পুঁজিবাজার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও লেনদেন আগামী ১ ও ৪ জুলাই বন্ধ থাকবে। ৫ জুলাই থেকে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুঁজিবাজারে শুধুমাত্র ডিজিটাল পদ্ধতিতে লেনদেন চালু থাকবে। কোনো বিনিয়োগকারী সশরীরে কোনো প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারবেন না।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। পুঁজিবাজার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সীমিত সংখ্যক কর্মচারীর উপস্থিতিতে কার্যক্রম পরিচালনা করবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com