November 24, 2026, 12:04 pm
২০২১-২২ অর্থবছরের বাজেটে ইসলামি শরিয়াহভিত্তিক বন্ড ‘সুকুক’ সম্পর্কে জনসাধারণকে আকৃষ্ট করতে এর মুনাফায় কর অব্যাহতি দেয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এর আগে এ বিষয়ে গত ৪ মার্চ রাজস্ব বোর্ডকে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। বাজেটে সুকুককে জনপ্রিয় করার উদ্যোগ হিসেবেই কর অব্যাহতি থাকছে বলে এনবিআর সূত্রে জানা গেছে। সরকার সুকুকের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের জন্য টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে।
ইতোমধ্যে এ বন্ডে বিনিয়োগও শুরু হয়েছে। মোট ৪ হাজার কোটি টাকা করে দুই দফায় ৮ হাজার কোটি টাকার সুকুক বন্ড নামে সার্টিফিকেট বিনিয়োগকারীদের কাছে বিক্রি করবে কেন্দ্রীয় ব্যাংক।
ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে উৎস কর দিতে হয় না। এত দিন ভিন্ন ছিল সুকুক। এ বন্ডে ৫ শতাংশ উৎসে কর চালু আছে।
দেশে প্রথমবারের মতো গত ২৮ ডিসেম্বর সুকুক বন্ড ইস্যু করে সেন্ট্রাল ব্যাংক। বিনিয়োগকারীরা মূলধনের ওপর ৪ দশমিক ৬৯ শতাংশ হারে মুনাফা পাবেন। এ বন্ড থেকে বিনিয়োগকারিরা দুই বার মুনাফা পাবেন, আর মেয়াদ হবে পাঁচ বছর। সুকুকের দ্বিতীয় ধাপের নিলাম হবে আগামী ২৮ জুন।
বিশ্বের বিভিন্ন দেশে সুকুক প্রচলিত আছে। তার মধ্যে রয়েছে- মুদারাবা (মুনাফায় অংশীদারি), মুশারাকা (লাভ-লোকসান ভাগাভাগি), মুরাবাহা (লাভে বিক্রি), ইশতিসনা (পণ্য তৈরি), করজ হাসান (উত্তম ঋণ), সালাম (অগ্রিম ক্রয়) ও ইজারা (ভাড়া) সুকুক। মুসলিম দেশের পাশাপাশি অমুসলিম দেশেও সুকুক চালু রয়েছে। এর মধ্যে রয়েছে- মালয়েশিয়া, বাহরাইন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র।
বিজনেস নিউজ/এমআর