November 10, 2026, 7:10 pm

ঈদের পর প্রথম কার্যদিবসেও বড় উত্থান শেয়ারবাজারে

ঈদের পর প্রথম কার্যদিবসেও বড় উত্থান শেয়ারবাজারে

ঈদুল ফিতরের আগের শেষ কার্যদিবসের মতো প্রথম কার্যদিবসও উত্থান হয়েছে শেয়ারবাজারে। ঈদের আগের দিন কিছুটা উত্থান হলেও রবিবারও (১৬ মে) বড় উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। সামান্য কমলেও আগের কার্যদিবসের মতো আজও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৪ শত কোটি টাকার বেশি।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৩.১৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.৬৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৮২.৭৮ পয়েন্টে এবং ২ হাজার ১৯২.৬৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ১ হাজার ৪১৮ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৫ কোটি ২০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৫৩ কোটি ৫৬ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৬৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২৩১টির বা ৬২.৭৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৮৮টির বা ২৩.৯১ শতাংশের এবং বাকি ৪৯টির বা ১৩.৩২ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯০.৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৪৯.১৯ পয়েন্টে। সিএসইতে আজ ২৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯২টির দর বেড়েছে, কমেছে ৬৮টির আর ৩২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com