November 10, 2026, 6:16 pm

পুঁজিবাজার বিষয়ক মাস্টার্স কোর্স চালু করল বিআইসিএম

পুঁজিবাজার বিষয়ক মাস্টার্স কোর্স চালু করল বিআইসিএম

দক্ষ জনবল তৈরির লক্ষ্যে দেশে প্রথম পুঁজিবাজার বিষয়ক মাস্টার্স প্রোগ্রাম চালু করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। দুই বছর মেয়াদি মাস্টার অব অ্যাপ্লাইড ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট (এমএএফসিএ) নামক স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামের প্রথম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি এরইমধ্যে প্রকাশ করেছে ইনস্টিটিউট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির পর প্রোগ্রামটি শুরু করেছে বিআইসিএম।

রোববার (৯ মে) বিআইসিএমের মাল্টিপারপাস হল রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

তিনি বলেন, পুঁজিবাজারে প্রশিক্ষিত জনবল প্রয়োজন। বিআইসিএম প্রথম যারা দেশে পুঁজিবাজারের ওপর মাস্টার্স ডিগ্রি দিচ্ছে। এই মাস্টার্স প্রোগ্রামের মাধ্যমে বিনিয়োগকারী এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন। সব মিলিয়ে যা পুঁজিবাজারকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

সংবাদ মম্মেলনে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার বলেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের দীর্ঘদিনের স্বপ্ন ছিল পুঁজিবাজার বিষয়ক মাস্টার্স প্রোগ্রাম চালু করা। পুঁজিবাজার সংশ্লিষ্টদেরও দীর্ঘদিনের চাহিদা ছিল এটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির মাধ্যমে যা সম্ভব হলো। প্রোগ্রামটি বিশ্বমানের পাঠক্রমের সঙ্গে মিল রেখে ডিজাইন করা হয়েছে। যা পুঁজিবাজারে দক্ষ পেশাজীবী তৈরিতে ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে মাস্টার অব অ্যাপ্লাইড ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট (এমএএফসিএ) প্রোগ্রামের লক্ষ্য, উদ্দেশ্যসহ পুরো আবেদন প্রক্রিয়া তুলে ধরেন ইনস্টিটিউটের পরিচালক (স্টাডিজ) ওয়াজিদ হাসান শাহ। তিনি বলেন, বৈশ্বিক এবং স্থানীয় আর্থিক বাজারগুলোর পরিবর্তিত প্রেক্ষাপটে দক্ষ লোকবলের ঘাটতি পূরণের লক্ষ্যে ইনস্টিটিউট প্রোগ্রামটি চালু করেছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইসিএম এর জনসংযোগ কর্মকর্তা খালেদা জেসমিন।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com