November 17, 2026, 10:19 pm

বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ স্থানটি দখল করেছে জেড গ্রুপের প্রতিষ্ঠান ফারইস্ট ফাইন্যান্স। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি।

সপ্তাহজুড়ে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দাম কমেছে ১১ দশমিক ১১ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৪০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ৩ টাকা ২০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৩ টাকা ৬০ পয়সা।

এদিকে কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকরা ২০১৭ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোনো ধরনের ডিভিডেন্ড দিচ্ছে না। ফলে কোম্পানিটি ২০১৮ সালের ১৯ এপ্রিল ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে, যা এখনো বহাল আছে। এর পর থেকে তিন বছরের বেশি সময় অতিবাহিত হলেও আর্থিক অবস্থার কোনো উন্নতি হয়নি।

কোম্পানিটির এ পরিস্থিতির জন্য সাবেক উদ্যোক্তা ও পরিচালকদের ব্যর্থতাকে দায়ী করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে বিষয়টি বিনিয়োগকারীদের জন্য ক্ষতিকারক ও অপ্রত্যাশিত বলে মনে করছে কমিশন। এ জন্য সম্প্রতি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বিএসইসি।

তবে বিএসইসির এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেছে কোম্পানিটির সাবেক পর্ষদ। পাশাপাশি কোম্পানিটির অফিস দখলেরও অভিযোগ উঠেছে সাবেক পর্ষদের বিরুদ্ধে। এ পরিস্থিতিতে পর্ষদ পুনর্গঠন সংক্রান্ত আইনি জটিলতা সুরাহা না হওয়া পর্যন্ত কোম্পানিটির অফিসসহ দাফতরিক কার্যক্রম বন্ধ রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ জানিয়েছে বিএসইসি।

এর আগে কোম্পানিটির সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম ভরসার নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে বিলুপ্ত করে সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আশরাফুল মকবুলকে চেয়ারম্যান করে ছয়জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় কমিশন। এ সংক্রান্ত চিঠি দেয়া হয় চলতি বছরের ২৯ মার্চ।

এর পর কমিশনের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ১৩ এপ্রিল উচ্চ আদালতে রিট পিটিশন (পিটিশন নম্বর- ৪২৮৮/২০২১) দায়ের করে সামসুল ইসলাম ভরসার নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ। রিটের শুনানি শেষে স্থিতাবস্থা আদেশসহ রুল দিয়েছেন। এছাড়া, এর বাইরে কেন কমিশনের আদেশটি বেআইনি ঘোষণা করা হবে না, সে বিষয়ে শুনানির জন্য রুল জারি করেছেন উচ্চ আদালত।

এদিকে, উচ্চ আদালতের ওই আদেশের পরিপ্রেক্ষিতে সামসুল ইসলাম ভরসার নেতৃত্বাধীন পর্ষদ গত ১৫ এপ্রিল লকডাউনের মধ্যে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় দখলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ অফিস নথিও সরিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী জারিয়াব।

এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণের জন্য ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের অফিসসহ দাফতরিক কার্যক্রম বন্ধ রাখা প্রয়োজন বলে মনে করছে বিএসইসি।

এরই ধারাবাহিকতায় লকডাউন পরিস্থিতির মধ্যে কোম্পানিটির অফিসসহ দাফতরিক কার্যক্রম বন্ধ রাখার জন্য বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছে বিএসইসি। যতদিন পর্যন্ত পর্ষদ সংক্রান্ত আইনি জটিলতা সমাধান না হচ্ছে, ততদিন পর্যন্ত প্রতিষ্ঠানটির দাফতরিক কার্যক্রম বন্ধ রাখার জন্য গভর্নরকে চিঠি দিয়েছে বিএসইসি।

এমন নাজুক অবস্থায় থাকায় দাম কমে যাওয়ার পরও বিনিয়োগকারীদের বড় অংশ কোম্পানিটির শেয়ার কিনতে রাজি হচ্ছেন না। ফলে গেল সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৮ লাখ ৩ হাজার টাকা। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৭ লাখ ৬০ হাজার টাকা।

ফারইস্ট ফাইন্যান্সের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় রয়েছে কেয়া কসমেটিকস। সপ্তাহজুড়ে এই প্রতিষ্ঠানটির শেয়ার দাম কমেছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ৯ দশমিক ২৩ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে এমএল ডাইং।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ৮৮ শতাংশ, প্রাইম ব্যাংকের ৮ দশমিক ৭২ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ৪৭ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্সের ৮ দশমিক ৪৭ শতাংশ, নূরানী ডাইংয়ের ৮ দশমিক ২০ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৭ দশমিক ৯৮ শতাংশ এবং সায়হাম কটনের ৭ দশমিক ৮৭ শতাংশ দাম কমেছে।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com