November 16, 2026, 12:35 am
গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ স্থানটি দখল করেছে ব্যাংক খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে প্রতিষ্ঠানটি।
সপ্তাহজুড়ে মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার দাম কমেছে ১৬ দশমিক ১৮ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ২ টাকা ২০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ১১ টাকা ৪০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ১৩ টাকা ৬০ পয়সা।
শেয়ারের এমন দাম কমলেও সম্প্রতি কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আগেও বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২০১৯ সালে ১১ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, ২০১৮ সালে ১৫ শতাংশ বোনাস, ২০১৭ সালে ১৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় ব্যাংকটি।
এদিকে দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ১১ কোটি ৩১ লাখ ৮২ হাজার টাকা। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২ কোটি ২৬ লাখ ৩৬ হাজার টাকা।
মার্কেন্টাইল ব্যাংকের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক। সপ্তাহজুড়ে এই প্রতিষ্ঠানটির শেয়ার দাম কমেছে ১০ দশমিক ৯১ শতাংশ। ১০ দশমিক ১০ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে রহিমা ফুড।
এছাড়াও গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- এমএল ডাইংয়ের ১০ শতাংশ, এএফসি এগ্রোর ১০ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালের ১০ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ১০ শতাংশ, নাহি অ্যালুমেনিয়ামের ৯ দশমিক ৯৮ শতংশ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৯ দশমিক ৯৬ শতাংশ এবং সিনো বাংলা ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৯৬ শতাংশ দাম কমেছে।
বিজনেস নিউজ/এসআর