November 16, 2026, 1:32 am

নাভানা সিএনজি ছাড়া ফ্লোর প্রাইস তুলে নেওয়া সব কোম্পানির পতন

নাভানা সিএনজি ছাড়া ফ্লোর প্রাইস তুলে নেওয়া সব কোম্পানির পতন

শঙ্কার মধ্যে বুধবার (০৭ এপ্রিল) ৬৬ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস (সর্বনিম্ন দর সীমা) তুলে নেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যাতে প্রত্যাশিতভাবে লেনদেনের প্রথমদিনেই (বৃহস্পতিবার ০৮ এপ্রিল) সেগুলোর প্রায় সব কোম্পানির দর পতন হয়েছে। এরমধ্যে ব্যতিক্রম একমাত্র নাভানা সিএনজি। এই কোম্পানিটির দর বেড়েছে।

বুধবার লেনদেন শেষে প্রায় ১১০টি কোম্পানির সিকিউরিটিজ ফ্লোর প্রাইসে ছিল। তবে এরমধ্যে ৫০ টাকার নিচে অবস্থান করা ৬৬ কোম্পানি থেকে ফ্লোর প্রাইস তুলে নেয় কমিশন। যেগুলোর বাজার মূলধন ৫ শতাংশের কাছাকাছি।

যাতে ওইসব কোম্পানির দর পতন হলেও বাজারে প্রভাব পড়বে না বলে ধারনা করেছিল কমিশন। যার আলোকে কোম্পানিগুলো থেকে ফ্লোর প্রাইস তুলে নেয়। কিন্তু ওইসব কোম্পানির দর পতনে অন্যসব কোম্পানির উপরেও যে নেতিবাচক প্রভাব পড়বে, সেটি কমিশন আমলে নেয়নি। যাতে আজ শেয়ারবাজারে বড় পতন হয়েছে।

দেখা গেছে, ৬৬টি কোম্পানির মধ্যে লেনদেন হওয়া ৬৩টির মধ্যে ৬১টির আজ দর পতন হয়েছে। আর নাভানা সিএসজির দর বেড়েছে ও আরএন স্পিনিংয়ের দর অপরিবর্তিত রয়েছে। বাকি ৩ কোম্পানির শেয়ার রেকর্ড ডেট ও স্থগিতাদেশের কারনে লেনদেন হয়নি।

এরমধ্যে রেকর্ড ডেটের কারনে গোল্ডেন হার্ভেস্টের শেয়ার আজ লেনদেন বন্ধ ছিল। এছাড়া বিডি সার্ভিসের শেয়ার দীর্ঘদিন ধরে বিক্রেতা না থাকায় লেনদেন হয় না এবং পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে স্টক এক্সচেঞ্জ।

বিএসইসি বড্ড অসময়ে ফ্লোর প্রাইস তুলে নিয়েছে বলে অনেকে সমালোচনা করছেন। বাজারে যখন লেনদেন ১৫০০-২০০০ কোটি হচ্ছিল এবং সূচকে তেজিভাব ছিল, ওইসময় ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেওয়া যেত বলে অনেকে মনে করেন। আর এই মুহুর্তে তুলে নেওয়াটাকে খামখেয়ালি বলেই মনে করছেন অনেকে।

তবে কমিশনের একটি সূত্রে জানা গেছে, কমিশন ধারনা করেছিল মূল্যসূচক ৫৯০০ থেকে নেমে কারেকশন হয়ে ৫৬০০ পয়েন্ট পর্যন্ত নামবে। এরপরে সূচক আবার উর্ধ্বমূখী হবে। ওইসময় ফ্লোর প্রাইস তুলে দেওয়া হবে। কিন্তু বাস্তবে তেমনটি হয়নি। সূচক ধারাবাহিক পতন হয়ে ৫ হাজার ১শ’র নিচে নেমে যায়। যে কারনে পরিকল্পনা অনুযায়ি ফ্লোর প্রাইস তোলা সম্ভব হয়নি।

বিজনেস নিউজ/ এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com