July 10, 2026, 11:34 am

বিকাশে লেনদেন করতে পারবেন সোনালী ব্যাংকের গ্রাহকরা

বিকাশে লেনদেন করতে পারবেন সোনালী ব্যাংকের গ্রাহকরা

রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের আড়াই কোটি গ্রাহক এখন তাৎক্ষণিকভাবে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন। মোবাইলে আর্থিক লেনদেনের এ সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমাও দিতে পারবেন গ্রাহকরা।

ফলে ব্যাংকিং সময়সীমার মধ্যে নির্ধারিত শাখায় গিয়ে লেনদেনের বাধ্যবাধকতা এড়িয়ে সোনালী ব্যাংকের গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী যেকোনো স্থান থেকে দিনে-রাতে ২৪ ঘণ্টা বিকাশের মাধ্যমে লেনদেন করতে পার‌বেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে এই যৌথ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেবা‌টি উদ্বোধন ক‌রেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

অনুষ্ঠানে জানা‌নো হয়, ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে দেশের মানুষের জীবনমানের সার্বিক উন্নয়নে এই যৌথ সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে দেশজুড়ে সোনালী ব্যাংকের এক হাজার ২২৫টি শাখার সব গ্রাহকের জন্য ব্যাংকিং লেনদেন আরও সহজ এবং সময় ও খরচ সাশ্রয়ী হলো। একইসঙ্গে বিকাশের মাধ্যমে ছোট অঙ্কের এসব লেনদেন সুবিধা ব্যাংকের শাখাগুলোর ওপর চাপ কমিয়ে দেবে এবং বিশেষায়িত সেবার জন্য সেখানে আসা গ্রাহকদের প্রতি বাড়তি মনোযোগ দেওয়ার সুযোগ তৈরি করবে।

এই সেবা পেতে সর্বপ্রথম গ্রাহকদের বিকাশ অ্যাকাউন্ট ও সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে লিংক (সংযোগ) স্থাপন করতে হবে। লিংক স্থাপনের ক্ষেত্রে উভয় অ্যাকাউন্টের তথ্য একই হতে হবে। লিংক স্থাপন হয়ে গেলে বিকাশ অ্যাপের ‘অ্যাড মানি’ এর মাধ্যমে সোনালী ব্যাংক অ্যাকাউন্ট থেকে সহজেই বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন এবং প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন।

আবার ব্যাংকে না গিয়ে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া সহ ডিপিএস, ঋণের কিস্তি ইত্যাদি নানাবিধ সেবা বিকাশ অ্যাপের ‘ট্রান্সফার মানি’র মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই নিতে পারবেন। অ্যাড মানি বা ট্রান্সফার মানি উভয় ক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ‘ট্রানজেকশন লিমিট’ প্রযোজ্য হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, ‘ডিজিটাল আর্থিক লেনদেনের সেবাগুলো সাধারণ মানুষকে করোনাকালে চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বেশি সক্ষমতা দিয়েছে। একইসঙ্গে এই সেবার গুরুত্ব এবং উপযোগিতাকে আরও স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে। বৃহত্তম দুটি সরকারি-বেসরকারি আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের এমন যৌথ উদ্যোগ নিঃসন্দেহে আর্থিক অন্তর্ভুক্তিসহ সব ধরনের ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করার পথকে আরও সুগম করল।’

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম বলেন, ‘ক্যাশলেস সোসাইটি গঠনে সোনালী ব্যাংক এবং বিকাশের এই উদ্যোগ অগ্রণী ভূমিকা পালন করবে। ত‌বে আর্থিক খা‌তের প্র‌তিষ্ঠানগু‌লোর মূল লক্ষ্য হওয়া উচিত সেবা।‌ গ্রাহক যেন সাশ্রয়ী মূল্যে ভা‌লো সেবা পান সেই দি‌কে বে‌শি নজর দেওয়া দরকার।’

সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, ‘গ্রাহক তার প্রয়োজন মতো যেকোনো সময় যেকোনো স্থান থেকে দিনের ২৪ ঘণ্টায় ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের মাধ্যমে নিকটবর্তী বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে নগদ টাকা উত্তোলনের সুযোগ পাবেন এবং একইভাবে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমাও করতে পারবেন।’

সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আতাউর রহমান প্রধান বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রাহকদের প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে সর্বোত্তম গ্রাহকসেবা নিশ্চিত করতে আমরা ঘরে বসে ব্যাংক অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন সেবা সংযুক্ত করছি। বিকাশের ডিজিটাল নেটওয়ার্কের সঙ্গে সোনালী ব্যাংক গ্রাহকদের এই সংযুক্তি আরও বেশি সংখ্যক এবং বৈচিত্র্যময় আর্থিক লেনদেন সেবা পাওয়ার সুযোগ তৈরি করল। ‌সোনালী ব্যাংক সব দিক দি‌য়ে এগিয়ে আছে। এক‌টি দিক দি‌য়ে গ্রাহ‌কের একটু অস্বস্তি আছে। এটি এখন উন্নত কর‌ব। সেবার মান বাড়া‌ব।’

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর বলেন, ‘সোনালী ব্যাংকের মতো দেশের ঐতিহ্যবাহী বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও গ্রাহকবান্ধব প্রতিষ্ঠানের সঙ্গে বিকাশ যুক্ত হওয়ায় এখন যেকোনো সময় যেকোনো প্রান্তে উভয় প্রতিষ্ঠানের গ্রাহকেরা একে অন্যের সেবা পাওয়ার সুযোগ নিশ্চিত হলো। এই যৌথ সেবায় গ্রাহকের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমাদের এই একসঙ্গে পথচলা ভবিষ্যতে ব্যাংক গ্রাহকদের জন্য আরও উদ্ভাবনী সেবা আনতে সহায়তা করবে, যা দেশে ডিজিটাল লেনদেনের কার্যকর ইকোসিস্টেম তৈরিতে ভূমিকা রাখবে।’

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com