May 25, 2026, 3:20 pm

লটারিতে সরকারি বেসরকারি বিদ্যালয়ে ভর্তি: শিক্ষামন্ত্রী

লটারিতে সরকারি বেসরকারি বিদ্যালয়ে ভর্তি: শিক্ষামন্ত্রী

দেশের সকল সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলোতে এ বছর ভর্তি পরীক্ষার বদলে লটারিতে ভর্তি নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, এ বছর ক্যাচমেন্ট এরিয়া (বিদ্যালয় সংলগ্ন এলাকা) ৪০ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ করা হবে। ক্লাস্টারভিত্তিক ভর্তির ক্ষেত্রে লটারিতে পাঁচটি স্কুল নির্বাচন করতে পারবে।

মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ভর্তি নিয়ে আজ বুধবার (২৫ নভেম্বর) এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউকে সামনে রেখে এছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প ছিল না। অনেকে হয়তো বলতে পারেন, ভর্তি পরীক্ষায় মেধাবৃত্তির বদলে ভাগ্য ভিত্তি করে যাচ্ছে। এবার করোনার কারণে হলেও বিদ্যালয়গুলোতে সাম্য তৈরি হবে।

আগামী ১০ জানুয়ারির মধ্যে সব বিদ্যালয়ের লটারি প্রক্রিয়া শেষ করা হবে বলেও এ সময় জানান শিক্ষামন্ত্রী।

প্রসঙ্গত, প্রতিবছর প্রথম শ্রেণির ভর্তিতে লটারি এবং দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হয়। তবে করোনা ভাইরাসজনিত (কোভিড-১৯) পরিস্থিতির কারণে ২০২১ সালে অনলাইনের মাধ্যমে সব ক্লাসেই শিক্ষার্থী ভর্তির ফরম বিক্রি করা হবে; এরপর তা যাচাই-বাছাই করে লটারির জন্য নির্বাচন করবে স্কুল কর্তৃপক্ষ। একাধিক ধাপে লটারি করে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর ফলাফল নিজ নিজ বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও কয়েকজন অভিভাবক নিয়ে গঠিত ভর্তি কমিটি এসব প্রক্রিয়া সম্পন্ন করবে।

সন্তানের ভর্তি লটারিতে সব অভিভাবকের উপস্থিত হওয়ার সুযোগ না থাকলেও তাদের ভেতরের পাঁচ থেকে সাতজনকে লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। তাদের ভর্তিচ্ছু সব অভিভাবকের প্রতিনিধি হিসেবে ভর্তি কমিটিতে যুক্ত করা হতে পারে।

বর্তমানে দেশে ৬৮৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে রাজধানীতে আছে ৪২টি। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে ১৯ হাজার ৪২১টি। এর মধ্যে ১৬ হাজার ৭৭৫টি এমপিওভুক্ত, বাকি দুই হাজার ৬৪৬টি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান।

ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক প্রমুখ।

বিজনেস নিউজ/ এস আর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com