May 20, 2026, 2:06 pm

৪ মাসে ২৪ হাজার কোটি টাকা ঋণ সরকারের

৪ মাসে ২৪ হাজার কোটি টাকা ঋণ সরকারের

বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের ব্যাংকঋণ বেড়েই চলছে। আবার বাণিজ্যিক ব্যাংক থেকে নেওয়া ঋণ দিয়ে বাংলাদেশ ব্যাংকের আগের ঋণ পরিশোধ করছে সরকার। এভাবে চলতি অর্থবছরের (২০২০-২১) প্রথম চার মাস (জুলাই-অক্টোবর) বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকার প্রায় ২৪ হাজার কোটি টাকার ঋণ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্রে জানা গেছে এমন তথ্য।

অন্যদিকে এই সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ঋণ নেয়নি সরকার। উল্টো সরকার বাংলাদেশ ব্যাংকে পরিশোধ করেছে ২১ হাজার ২২৩ কোটি টাকা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২০ অক্টোবর পর্যন্ত ব্যাংক খাতে সরকারের ঋণ স্থিতি দাঁড়িয়েছে এক লাখ ৮০ হাজার ৫০৪ কোটি টাকা। জানা গেছে, বাণিজ্যিক ব্যাংক থেকে নেওয়া ঋণের মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের জন্য ছিল ৭৭ কোটি টাকা। গত চার মাসে এ পরিমাণ অর্থ মন্ত্রণালয়টি নিয়েছে।

জানা গেছে, সদ্য শেষ হওয়া অর্থবছরের (২০১৯-২০) জন্য মূল বাজেটে ব্যাংক থেকে ৪৭ হাজার ৩৬৪ কোটি টাকার ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। কিন্তু রাজস্ব আদায় কাক্সিক্ষত হারে না হওয়ায় ব্যাংক ব্যবস্থা থেকে ধার বাড়াতে থাকে। কয়েক মাসেই লক্ষ্যমাত্রা অতিক্রম করে। এর সঙ্গে গত মার্চ থেকে যোগ হয় করোনা মহামারি। ফলে লক্ষ্যমাত্রা সংশোধন করে বাড়িয়ে ধরা হয় ৮২ হাজার ৪২১ কোটি টাকা।

সরকারের ঋণ নেওয়ার হার দেখে বিশ্লেষকরা মনে করেছিলেন নতুন লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে। কারণ ব্যাংক থেকে এত বেশি পরিমাণ নেওয়ার প্রবণতা অতীতে কখনও দেখা যায়নি। কিন্তু শেষের দিকে সঞ্চয়পত্রে লাগাম টানায় ব্যাংকঋণ কমে যায় সরকারের।

অর্থবছর শেষে (২০১৯-২০) সরকারের নিট ব্যাংকঋণ দাঁড়ায় প্রায় ৭২ হাজার ২৪৬ কোটি ৪৫ লাখ টাকা। এটি মূল বাজেটের লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে ৫২ শতাংশ বেশি। একক অর্থবছর হিসাবে অতীতে কখনোই ব্যাংক থেকে এ পরিমাণ ঋণ নেওয়া হয়নি সরকারের। এক অর্থবছরে সর্বোচ্চ ব্যাংকঋণ নেওয়ার ইতিহাস ছিল ২০১৮-১৯ অর্থবছরে। ওই অর্থবছরটিতে সরকার ব্যাংক খাত থেকে ঋণ নিয়েছিল ৩৪ হাজার ৫৮৭ কোটি টাকা।

কিন্তু শেষ পর্যন্ত গত জুনে শেষ হওয়া অর্থবছর শেষে ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার স্থিতি দাঁড়ায় এক লাখ ৭৭ হাজার ৮২৩ কোটি টাকা। চলতি অর্থবছরের জন্য বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ব্যবস্থা থেকে ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার।

জানা গেছে, রাজস্ব আদায় কমে যাওয়ায় অর্থের জোগান দিতে বাড়ছিল সরকারের ব্যাংক ঋণ। করোনাকালে এ চাহিদা আরও বেশি ছিল। কিন্তু বিদেশি ঋণের কারণেই অর্থবছরের শেষ দিকে ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ কমে এসেছে।

এ বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ও ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান আহসান মনসুর বলেন, করোনার কারণে সরকারের রাজস্ব আদায় এখনও স্বাভাবিক হয়নি। সরকার তো এবার ব্যাংক খাত থেকে প্রায় ৮৫ হাজার কোটি টাকা নেওয়ার লক্ষ্য ঠিক করেছে। অর্থবছর শেষে সেটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com