October 7, 2026, 5:57 am
মহামারি করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল করতে নগদ সহায়তা ও প্রণোদনাসহ সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমরা ঠিক সময়মতো পদক্ষেপ নিয়েছিলাম। এ কারণে অর্থনীতি গতিশীল রাখতে সক্ষম হয়েছি।
আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার সূচনা বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কত টাকা আছে, কী আছে সেটা চিন্তা করিনি। এটাই চিন্তা করেছি, এই দুঃসময়ে আমাদের অর্থনীতির চাকাটাকে যদি গতিশীল রাখতে হয় তাহলে অবশ্যই সেখানে আমাদের পৌঁছাতে হবে। মানুষের হাতে টাকা পৌঁছে দিতে হবে। আর সাধারণ মানুষ যাদের কোনো কাজ না থাকলে জীবনটা চালানোই মুশকিল, তাদেরও নগদ অর্থ সাহায্য করা বা বিভিন্ন সেক্টরে যে আমরা টাকা পাঠিয়েছি সেগুলোও কিন্তু খুব কাজে লেগেছে।
শেখ হাসিনা বলেন, কৃষিতে আমরা সরাসরি দিলাম, আবার শিল্পসহ অন্য সেক্টরগুলোর জন্য আমরা আলাদাভাবে কিন্তু ভাগে ভাগে যেমন ক্ষুদ্র ও মাঝারির জন্য আলাদা, বৃহৎ শিল্পের জন্য আলাদা- এরকম প্রত্যেকটা সেক্টরের জন্য ভাগ ভাগ করে দেওয়ার পরে গার্মেন্টস সেক্টরের জন্যও বিশেষভাবে দিলাম- এই দেওয়ার কারণেই অর্থনীতিটা গতিশীল রাখতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা যে প্রণোদনাটা দিয়েছি- এই প্রণোদনাটা যখনই এরা নিতে শুরু করেছে তখনই কিন্তু তারা আবার ব্যবসায় ফিরে আসতে পারছে। এমন কোনো সেক্টর নেই যাদের আমরা সাহায্য দেইনি।
প্রধানমন্ত্রী বলেন, বিত্তশালী-বড়লোকদের সেভাবে আমরা দেইনি। যারা ব্যবসার সঙ্গে জড়িত তাদের কাছে পৌঁছাতে পেরেছি এবং সময়মতো আমরা যে টাকাটা দিলাম, নগদ ও প্রণোদনা দিলাম- এটাতেই কিন্তু ব্যবসাটা ধরে রাখতে সক্ষম হয়েছি। যারা লেবার তাদেরও কাজ করবার আগ্রহ ছিল, তারাও কাজ করছে।
কৃষিকে গুরুত্ব দিতে হবে এই কারণে- কৃষি আমাদের ধরে রাখতে হবে এবং খাদ্য উৎপাদনটা বাড়াতে হবে। মানুষের যাতে খাবারে কষ্ট না হয়। সেটা আমরা কিন্তু ধরে রেখেছি, যোগ করেন শেখ হাসিনা।