April 21, 2026, 4:46 am

১০ শতাংশ রিটার্ন পেলে এফডিআর ছেড়ে মিউচুয়াল ফান্ডে ঝুঁকবে বিনিয়োগকারীরা

১০ শতাংশ রিটার্ন পেলে এফডিআর ছেড়ে মিউচুয়াল ফান্ডে ঝুঁকবে বিনিয়োগকারীরা

বিনিয়োগকারীরা যখন দেখবে এফডিআরে রিটার্ন পাওয়া যাচ্ছে ৫-৬ শতাংশ আর মিউচুয়াল ফান্ডে ১০ শতাংশ রিটার্ন পাওয়া যাচ্ছে, তখন তারা এফডিআর ছেড়ে মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

তিনি বলেন, সেই সময় বাজারে লেনদেন অনেক বেড়ে যাবে।এফডিআরের (ফিক্সড ডিপোজিট রেট) লাখ লাখ কোটি টাকা পুঁজিবাজারে চলে আসবে। এজন্য মিউচুয়াল ফান্ডে সুশাসন আনতে হবে। এ খাতটি আগামীতে ভালোভাবে চলার জন্য কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়েবিনারে সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যানের মো. ইউনুসুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ছানাউল হক। এছাড়াও বক্তব্য রাখেন ডিএসইর পরিচালক রকিবুর রহমান।

বিএসইসি চেয়ারম্যান বলেন, আমাদের কমিশনের দায়িত্ব নেয়ার বয়স মাত্র চার মাস। আমাদের আপনারা একটু সময় দেন। আমরা আগামী এক বছরের মধ্যে দৃশ্যমান পরিবর্তন দেয়ার চেষ্টা করব। দুই বছরের মধ্যে মডার্ন ক্যাপিটাল মার্কেটের ছায়া দেখতে পাবেন। তিন বছরের মধ্যে সম্পূর্ণ বাজারের একটি রূপ পাওয়া যাবে।

তিনি বলেন, বিনিয়োগকারীরা আমাদের শেয়ারবাজারের প্রাণ। তারা না থাকলে পুজিঁ আসত না। তাহলে কোনো ব্যবসাপ্রতিষ্ঠানও আসত না। আমাদের কথার ওপর বিশ্বাস করে তারা টাকা-পয়সা এনে বিনিয়োগ করেন। তাদের বিনিয়োগকে দুশ্চিন্তামুক্ত রাখতে ও সঠিক ব্যবহারের জন্য আমাদেরকে সঠিক দায়িত্ব পালন করতে হবে।

শিবলী রুবাইয়াত বলেন, আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের দিক বিবেচনা করতে হবে। যারা ব্যবসা করতে আসেন, তাদের যদি আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) দেয়া বন্ধ করে দেই, তাহলে তারা কোথায় যাবেন? তাদেরও টাকার দরকার। এই বাজারে বিনিয়োগকারী এবং ব্যবসায়ী উভয়কেই দেখতে হয়। তা না হলে এই বাজার থাকত না।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com