June 9, 2026, 2:05 am
প্রতিবছরের মতো এবারও ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ পালন করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে এ বছর করোনাভাইরাসের কারনে অনলাইনে পালন করা হবে। এতে উপস্থিতির সীমাবদ্ধতা থাকায় যে আগে রেজিস্ট্রেশন করবে, সে অংশগ্রহণ করতে পারবে।
আজ শনিবার (০৩ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধন করবে। সন্ধ্যা ৬টায় অনলাইনে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। এবারের মূল প্রতিপাদ্য বিষয় ‘বাংলাদেশের উন্নয়নে শেয়ারবাজারের ভূমিকা’।
বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, আজকের অনুষ্ঠানে অনলাইনে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। এজন্য রেজিস্ট্রেশন করতে হবে। এই https://bdren.zoom.us/j/69264790320 লিঙ্কে প্রবেশ করে রেজিস্ট্রেশন করা যাবে। অংশগ্রহণার্থীদের জন্য আসন সীমিত থাকায়, যারা আগে রেজিস্ট্রেশন করবে, তারা অংশগ্রহণের সুযোগ পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতে সন্ধ্যা ৬টায় স্বাগত বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ এবং ৬টা ৫মিনিটে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কমিশনার ড. মিজানুর রহমান। এরপরে ৬টা ২০ মিনিটে অতিথিদের আলোচনা, ৬টা ৫০ মিনিটে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বক্তব্য ও ৭টায় আরেক বিশেষ অতিথি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান বক্তব্য রাখবেন।
অনুষ্ঠানে সন্ধ্যা ৭টা ১০মিনিটে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আর সবশেষে ৭টা ২৫ মিনিটে অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-ইল-ইসলাম।
এছাড়া ওয়েবিনারের আরও বক্তব্য রাখবেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, বিএপিএলসির সভাপতি আজম জে. চৌধুরী , সিডিবিএলের চেয়ারম্যান শেখ কবির, এমসিসিআইয়ের সভাপতি নিহাদ কবির, ডিএসই চেয়ারম্যান ইউনুসুর রহমান, সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, ডিবিএ সভাপতি শরিফ আনোয়ার হোসেন, এএএমসিএমএফ সভাপতি ড. হাসান ইমাম চেয়ারম্যান, বিএমবিএ সভাপতি সায়েদুর রহমান বক্তব্য রাখবেন।
এছাড়াও বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে বিএসইসি ৫ থেকে ১১ অক্টোবর পর্যন্ত নানা কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র মোহম্মদ রেজাউল করিম।