July 12, 2026, 12:32 pm
গ্রাহক হিসাবে ঘাটতিসহ বিভিন্ন অনিয়মের কারনে মডার্ণ, সিলনেট ও এমএএইচ ৩ ব্রোকারেজ হাউজকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মডার্ন সিকিউরিটিজকে ৫ লাখ টাকা, সিলনেট সিকিউরিটিজকে ২ লাখ টাকা ও এমএএইচ সিকিউরিটিজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কমিশনের ৭৩৮ তম কমিশন সভায় এ জরিমানা করা হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিএসইসি সূত্রে জানা গেছে,, মডার্ন সিকিউরিটিজে সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি, নিজ প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধির নামে বিও হিসাব খোলা, কর্মকর্তাদের মার্জিন দেওয়া, নগদ অ্যাকাউন্টে মার্জিন দেওয়া, ব্যালেন্স না থাকার পরেও বিও হিসাব থেকে টাকা পরিশোধের অনিয়ম করেছে। এ কারনে হাউজটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সিলনেট সিকিউরিটিজে সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি, নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মার্জিন দেওয়া, জেড ক্যাটাগরির শেয়ারে মার্জিন প্রদান ও নতুন শেয়ারে মার্জিন দেওয়ার অপরাধে হাউজটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এমএএইচ সিকিউরিটিজে ব্যাক অফিসে গ্রাহকদের তালিকা সঠিকভাবে রক্ষণাবেক্ষন না করা, ব্রোকার ও ডিলার উভয় নামে দুটি বিও হিসাব পরিচালনা, মাসিক নিট ক্যাপিটাল প্রতিবেদন যথাযথভাবে গণনা না করা, অনুমোদিত প্রতিনিধির নামে বিও পরিচালনা করা, ব্যবস্থাপনা পরিচালক ও কর্মচারীর পরিবারের সদস্যদের ঋণ সুবিধা প্রদান, গ্রাহকদের রেশিওর তুলনায় অধিক মার্জিন ঋণ দিয়েছে। তবে এসব অনিয়মের অধিকাংশই সংশোধন করে নিয়েছে। যে কারনে হাউজটিকে ১ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।