November 10, 2026, 6:07 pm
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সিনেমা দিয়ে যাত্রা করে জনপ্রিয়তা পেলেও ছোট পর্দাতে সাফল্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়িকা। পাশাপাশি কাজ করছেন বিজ্ঞাপনেও। এদিকে সম্প্রতি দেখা যাচ্ছে উপস্থাপাতেও নিজের জায়গা পাকাপোক্ত করে নিচ্ছেন এই নায়িকা।
এদিকে করোনার সময়ে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন পূর্ণিমা। শুধু তাই নয় স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে একবারের জন্যও বাড়ির বাইরে যাননি। ঈদের পর শুটিংয়ে ফেরার কথা থাকলেও আরো কিছু দিন বাসায় থাকতে চান তিনি।
পূর্ণিমা বলেন, আমার হাতে দুটি ছবির কাজ রয়েছে। ছবির পরিচালককে জানিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি শুটিংয়ে অংশ নিতে পারব না। বেঁচে থাকলে অনেক কাজ করা যাবে। এখন নিজেকে এবং পরিবারকে নিরাপদে রাখাই জরুরি।
তিনি আরও জানান, আমার মেয়েটা ছোট। তাছাড়া এই সময়টাতে প্রতিদিন অনলাইনের ক্লাসগুলোতে মেয়ের সঙ্গে থাকতে হয়। জীবনের চেয়ে কাজ বড় হতে পারে না। শুধু শুধু ঝুঁকি নেব না। পরিচালক ও ফেরদৌস আমার অনুরোধ রেখেছেন। তাদের কাছে কৃতজ্ঞ।
করোনার আগে সর্বশেষ নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত সিনেমা ‘গাঙচিল’র শুটিংয়ে অংশ নিতে দেখা গেছে পূর্ণিমাকে। নুজহাত ফিল্মস প্রযোজিত এই সিনেমাটিতে পূর্ণিমার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌসকে। ছবিতে পূর্ণিমা অভিনয় করছেন এনজিও কর্মীর চরিত্রে। ছবিটির কাজ শেষ পর্যায়ে এসে করোনা পরিস্থিতির কারণে শুটিং বন্ধ রয়েছে।