May 17, 2026, 12:02 am

২১ আগস্টে যা ঘটেছে তাতে আমার বাঁচার কথা নয়: প্রধানমন্ত্রী

২১ আগস্টে যা ঘটেছে তাতে আমার বাঁচার কথা নয়: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের জন‌্য কিছু করতেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। তাছাড়া ২১ আগস্ট যে ঘটনা ঘটেছে তাতে আমার বাঁচার কথা নয়। আল্লাহই বোধ হয় হাতে তুলে আমাকে বাঁচিয়েছিল। আমাদের নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে সেদিন আমাকে রক্ষা করেছিল।

আজ (২১ আগস্ট) গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ১৯৭১, ১৯৭৫ ও ২০০৪ সালের ২১ আগস্ট শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় এসেই ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটায়। আর এর সঙ্গে তার ছেলে তারেক রহমান যে জড়িত, যারা এ ষড়যন্ত্রে জড়িত, তাদের কথাতেই তো বের হয়ে এসেছে যে তারা কোথায় মিটিং করেছে, কীভাবে ষড়যন্ত্র করেছে। বিএনপি সরকার যদি এতে জড়িত নাই থাকে, তাহলে তারা আলামতগুলো কেন নষ্ট করল? ওই গ্রেনেড হামলার পরই তখনকার সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা লোকজন নিয়ে এসে পুরো এলাকা ধুয়ে ফেলে।’

শেখ হাসিনা বলেন, ‘ঘটনাগুলোর আগে খালেদা জিয়া যে বক্তৃতাগুলো দিয়েছে, যেমন কোটালীপাড়ায় বোমা পুঁতে রাখার আগে বলেছিল, আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। ২১ আগস্ট গ্রেনেড হামলার আগে খালেদা জিয়ার বক্তৃতা ছিল, শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধীদলীয় নেতাও কোনদিন হতে পারবে না। এই ভবিষ্যদ্বাণী খালেদা জিয়া কীভাবে দিয়েছিল। কারণ, তাদের চক্রান্তই ছিল আমাকে তারা হত্যা করে ফেলবে। তাহলে তো আমি কিছুই হতে পারব না। এটাই তাদের চক্রান্ত ছিল।’

তিনি আরও বলেন, ‘২১ আগস্ট ওই গ্রেনেড হামলার সময় হানিফ ভাইয়ের কথা সব সময় মনে পড়ে। হানিফ ভাইসহ সবাই আমাকে যেভাবে ঘিরে রেখেছিল, আমি জানি না, এমন একটা অবস্থায় কোনো মানুষ বাঁচতে পারে কি না। আল্লাহই বোধ হয় হাতে তুলে আমাকে বাঁচিয়েছিল। আমাদের নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে সেদিন আমাকে রক্ষা করেছিল।’

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com