April 11, 2026, 2:54 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পঁচাত্তরের খুনিদের বিচার বন্ধে ইনডেমনিটি দিয়েছেন জিয়াউর রহমান আর অপারেশন ক্লিনহার্টের নামে বিচারবহির্ভূত হত্যায় ইনডেমনিটি দিয়েছেন খালেদা জিয়া।
আজ রোববার বিকেলে জাতীয় শোক দিবসের স্মরণসভায় ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি।
এছাড়া জিয়াউর রহমানকে দেয়া কর্নেল বেগের চিঠির কথা সামনে এনে সেটি ১৫ই আগস্ট হত্যাকাণ্ডের অ্যাসাইনমেন্ট কিনা, সে প্রশ্নও তোলেন শেখ হাসিনা।
খুনি মোশতাককে হটিয়ে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেন উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, খুনিদের বিচার বন্ধ করে লিবিয়া পাঠানোর ঘটনা প্রমাণ করে, সেই হত্যাকাণ্ডের পরিকল্পনায় ছিলেন জিয়া।
স্মরণসভায় প্রধানমন্ত্রী আরো বলেন, উচ্চ আদালত সামরিক শাসনামলের অর্ডিনেন্স বাতিল করে দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেছে। দেশবাসীর মধ্যে আবারও মুক্তিযুদ্ধের চেতনা ফিরে এসেছে।
স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, রাষ্ট্রপতির মেয়ে হয়েও তাদের নাম পরিচয় গোপন করে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। আর খুনিরা বিভিন্ন দূতাবাসে আরাম-আয়েশে জীবন কাটিয়েছে। খুনিদের বিচার না করার ইনডেমনিটি দিয়েছিল জিয়াউর রহমান আর সন্ত্রাসীদের ইনডেমনিটি দিয়েছিল তার স্ত্রী খালেদা জিয়া।