August 25, 2026, 9:01 am

সমুদ্রে জ্বালানি অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের সহায়তা চায় বাংলাদেশ

সমুদ্রে জ্বালানি অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের সহায়তা চায় বাংলাদেশ

সমুদ্রসীমায় বা সাগরের ব্লকে (অফশোর) তেল, গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধান এবং সংগ্রহে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

এক্ষেত্রে দেশটির কাছে প্রযুক্তিগত সহায়তা ও বিনিয়োগ চাওয়া হয়েছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে আমেরিকান বহুজাতিক তেল ও গ্যাস করপোরেশন অ্যাক্সনমোবিলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ বিনিয়োগ চান।

উপদেষ্টা বাংলাদেশে জ্বালানি খাতে মার্কিন কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। অ্যাক্সনমোবিলের কর্মকর্তাদের বাংলাদেশে, বিশেষ করে অফশোরে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য বিনিয়োগ করতে উৎসাহিত করেন তিনি।

তৌফিক এলাহী বাংলাদেশে নবায়নযোগ্য শক্তির জন্য স্টোরেজ সুবিধা নির্মাণে বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বিভিন্ন জ্বালানি উৎসের সুষম ব্যবহার বাংলাদেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।

জ্বালানি উপদেষ্টা স্বীকার করেন, অ্যাক্সনমোবিলের মতো কোম্পানিগুলো যারা বাংলাদেশে এলএনজি ব্যবসা করতে ইচ্ছুক তাদের দামের অস্থিতিশীলতার বিরুদ্ধে গ্যারান্টি নিশ্চিত করা প্রয়োজন।

এক্সনমোবিলকে গভীর সমুদ্রে জ্বালানি অনুসন্ধান ত্বরান্বিত করতে ট্রান্সমিশন নেটওয়ার্ক ও স্থলভিত্তিক ফ্যাসিলিটি নির্মাণে বিনিয়োগে আহ্বান জানান তিনি।

অ্যাক্সনমোবিলের কর্মকর্তারাও বাংলাদেশের বর্তমান উন্নয়নের গতি ধরে রাখতে এবং প্রয়োজনীয় জ্বালানির চাহিদা নিশ্চিত করতে ঢাকার সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম, দূতাবাস ও অ্যাক্সনমোবিলের ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তা।

পরে উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরীর উপস্থিতিতে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে সামিট অয়েল অ্যান্ড শিপিং কোং লিমিটেড ও কমনওয়েলথ এলএনজির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্বাক্ষরকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান জ্বালানি সহযোগিতার আরও সম্প্রসারণের ক্ষেত্রে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com