July 26, 2026, 11:10 am
পুঁজিবাজার নিয়ে গুজব রটনাকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়া হবে। কোন সিকিউরিটিজের ভবিষ্যতে দর বাড়বে বা কমবে ইত্যাদি বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়ানো ব্যক্তি বা দলকে এ জাতীয় কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত এক নির্দেশনায় এমনটি জানানো হয়েছে।
নির্দেশনায় ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নাম ও লোগো ব্যবহারে সবাইকে সতর্ক করেছে কমিশন। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে এমন কার্যক্রমে লিপ্ত থাকলে বিনিয়োগকারীদের স্বার্থে সিকিউরিটিজ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন।
বিএসইসির ওই নির্দেশনায় বিএসইসি, ডিএসই ও সিএসইর নাম ও লোগো ব্যক্তি ও দলীয় পর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোফাইল বা পেজে ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যত শেয়ারের দর নিয়ে যেকোনো ধরনের ভবিষ্যতবাণী, অপ্রকাশিত তথ্য ছড়ানো থেকেও বিরত থাকতে বলা হয়।