July 22, 2026, 4:11 am

এইচএসসিতে দেশসেরা যশোর শিক্ষা বোর্ড

এইচএসসিতে দেশসেরা যশোর শিক্ষা বোর্ড

২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে দেশের সেরা হয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ১ লাখ ৩১ হাজার ৫০০ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২৮ হাজার ১৬৩ জন। পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ জন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাব যশোর মিলনায়তনে ফলাফল প্রকাশ করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।

যশোর বোর্ডের প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে ১ লাখ ২৮ হাজার ১৬৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২৫ হাজার ৭৪১ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৬৪ হাজার ১০৬ জন এবং ছাত্রী ৬১ হাজার ৬৩৫ জন। পাসের হার ৯৮ দশমিক ১১। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ জন। বহিষ্কৃত হয়েছে ৩ জন।

শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, ২০২১ সালে যশোর বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে ১৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৮ হাজার ২১ জন। পাসের হার ৯৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৩৮৮ জন। মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৯১ হাজার ৯৮৫ জন। উত্তীর্ণ হয়েছে ৯১ হাজার ২৩০ জন। পাসের হার ৯৯ দশমিক ১৮ ভাগ। এই বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৫৭৬ জন। ব্যবসায় শিক্ষা বিভাগের ১৭ হাজার ২০৮ জন ছাত্র-ছাত্রীর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৪৯০ জন। পাসের হার ৯৫ দশমিক ৮৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯১৪ জন ছাত্রছাত্রী।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, করোনা মহামারির কারণে প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের তিনটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আবার পরীক্ষাও নির্ধারিত সময়ের অনেক পরে অনুষ্ঠিত হয়েছে। এজন্য শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিষয়ে অনেক সময় ধরে প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে। পাশাপাশি পরীক্ষার প্রশ্নপত্রে উত্তর প্রদানের জন্য অনেক অপশন ছিল। একইসঙ্গে অ্যাসাইনমেন্টের জন্যও শিক্ষার্থীদের ওপরে চাপ ছিল। এসব কারণে শিক্ষার্থীরা যেমন পড়াশোনার মধ্যে ছিল; তেমনি অভিভাবকরাও ছেলেমেয়েদের ওপর বাড়তি নজর রেখেছেন।

যশোর বোর্ডের ভালো ফল করার কারণ হিসেবে তিনি বলেন, ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় যারা অবতীর্ণ হয়েছিল, এরা ২০১৯ সালে এসএসসি উত্তীর্ণ হয়। ওই বছর এসএসসিতে যশোর বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ৮৮ ভাগ। যশোর বোর্ডে প্রশ্নব্যাংক তৈরি করে শিক্ষার্থীদের গড়ে তোলার যে উদ্যোগ চালু হয়েছে, এই শিক্ষার্থীরা সেই উদ্যোগের প্রথম ব্যাচ। সব মিলিয়ে যশোর বোর্ড ভালো ফলাফলের ধারা অব্যাহত রেখেছে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com