July 28, 2026, 2:07 pm
আগের কার্যদিবসের মতো সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও (০৯ ফেব্রুয়ারি) উত্থান হয়েছে শেয়ারবাজারে। তবে উত্থানকে নামমাত্র বলা যায়। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন কমেছে।
জানা গেছে, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮.৫৯ পয়েন্ট বা ০.১২ শতাংশ বেড়ে সাত হাজার ৮১.৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ১.৫১ পয়েন্ট বা ০.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫১২.৮৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫.৩৪ পয়েন্ট বা ০.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ৬০৪.৯৮ পয়েন্টে।
ডিএসইতে আজ এক হাজার ১৫০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৯৮ কোটি ৯৫ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৪৪৯ কোটি ৭৫ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০৫টির বা ৫৪.০৯ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১২৮টির বা ৩৩.৭৭ শতাংশের এবং ৪৬টি বা ১২.১৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।