July 21, 2026, 7:03 pm

সিয়াম-পরীর জন্য জাফর ইকবালের প্রথম গান

সিয়াম-পরীর জন্য জাফর ইকবালের প্রথম গান

ড. মুহম্মদ জাফর ইকবাল একজন শিক্ষাবিদ ও সাহিত্যিক। লেখার ভুবনে তার অসামান্য জনপ্রিয়তা। তবে কখনো গান লেখেননি। এবার সেই অপূর্ণতা ঘুচিয়ে নিলেন। তাও আবার দেশের জনপ্রিয় দুই সিনে তারকা সিয়াম আহমেদ ও পরীমণির জন্য!

সিনেমার নাম ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম-পরী। সিনেমাটির একটি দৃশ্যে বাচ্চাদের গোসল করতে দেখা যাবে। সেই দৃশ্যেই শোনা যাবে ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা গানটি। তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক আবু রায়হান জুয়েল।

মুহম্মদ জাফর ইকবালের লেখা উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা। ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। নির্মাতা জুয়েলের অনুরোধেই এতে গান লিখেছেন জাফর ইকবাল। গানটির শিরোনাম ‘আয় আয় সব তাড়াতাড়ি’। এর সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। কণ্ঠ দিয়েছেন ১০ জন নবীন শিশুশিল্পী।

নির্মাতা জুয়েল বলেন, “আমাদের ছবির উপদেষ্টা এবং টিম সদস্যরাও গানটি শুনে প্রশংসা করেন। তবে স্যার সন্দিহান ছিলেন গানটি আদৌ ভালো হয়েছে কিনা! শুটিং করে গানটি ভিডিও আকারে স্যারকে মেইলে পাঠাই। তিন মিনিট পরেই স্যার কল ব্যাক করে খুশী হয়ে মজা করে আমাকে বলেন, ‘তোমাকে মাইর দেয়া উচিত। গান তো অনেক সুন্দর হয়েছে। তোমার ম্যাডামকে নিয়ে দেখলাম।”

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার সহপ্রযোজনায় আছে বঙ্গ। অনেক আগেই সিনেমাটির শুটিং শেষ। বর্তমানে চলছে সম্পাদনার কাজ। আগামী মার্চেই মুক্তির অনুমতির জন্য এটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা।

উল্লেখ্য, সিয়াম-পরী ছাড়া এই সিনেমার কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক শিশুশিল্পী। এছাড়াও আছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারের মতো গুণী শিল্পীরা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com