August 21, 2026, 7:37 am

দৌলতদিয়ায় ফেরির অপেক্ষায় সহস্রাধিক যানবাহন

দৌলতদিয়ায় ফেরির অপেক্ষায় সহস্রাধিক যানবাহন

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ফেরির অপেক্ষায় রয়েছে সহস্রাধিক যানবাহন। অপেক্ষমাণ এসব যানবাহনের মধ্যে দূরপাল্লার বাসের সঙ্গে রয়েছে পণ্যবাহী ট্রাকও। আর এসব ট্রাককে ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে ৩ দিন পর্যন্ত।

ফেরি স্বল্পতা, ঘাট সংকট, নদীর নাব্যতা সংকট ও বাংলাবাজার-শিমুলিয়া রুটের গাড়ির চাপ থাকাই এই দীর্ঘ যানজট সৃষ্টি হয়ছে বলে জানিয়েছেন ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা যায়, ফেরিঘাটের জিরোপয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াজেদ আলী টেকনিক্যাল পর্যন্ত সড়কের এক লেনে সাড়ে ৪ কিলোমিটার এলাকায় ট্রাক এবং আরেক লেনে ৩ কিলোমিটারজুড়ে যাত্রীবাহী বাস ফেরি পারের জন্য দীর্ঘসময় ধরে অপেক্ষায় রয়েছে।

অপরদিকে, ঘাট এলাকায় যানজট কমাতে ঘাট থেকে সাড়ে ১৩ কিলোমিটার পেছনে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে মহাসড়কে আরও প্রায় ৬ কিলোমিটার এলাকায় অপচনশীল পণ্যবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যানগুলোকে রাখা হয়েছে।

অপেক্ষায় থাকা যানবাহনগুলোর মধ্যে যাত্রীবাহী বাসগুলো ২ থেকে ৩ ঘণ্টা অপেক্ষা করে ফেরির দেখা পেলেও ট্রাকগুলোকে অপেক্ষা করতে হচ্ছে দুই থেকে ৩ দিন পর্যন্ত। দীর্ঘ সময় ধরে খোলা আকাশের নিচে অপেক্ষা করে ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, বাংলাবাজার-শিমুলিয়া রুটের গাড়ির চাপ ও ঘাট স্বল্পতার কারণে আমাদের গাড়ি পার করতে বেগ পেতে হচ্ছে। ফলে দৌলতদিয়ায় আসা যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com