August 25, 2026, 12:08 pm

গণটিকার দ্বিতীয় ডোজ শুরু হবে ৭ সেপ্টেম্বর

গণটিকার দ্বিতীয় ডোজ শুরু হবে ৭ সেপ্টেম্বর

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে অনুষ্ঠিত ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। বুধবার (২৫ আগস্ট) সকালে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। সারাদেশে গণটিকা চলাকালে যে যেই কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেখানেই দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। কিছু কিছু দেশ আমাদের কাছে মডার্না ও ফাইজারের টিকা চাচ্ছে, এটা এখন দেওয়া সম্ভব নয়। শিগগিরই দেশে ৬০ লাখ ফাইজার আসবে।

তিনি বলেন, কিছু র‌্যাপিড আরটি পিসিআর মেশিন কেনার চেষ্টা চলছে। নতুন করে আরও ৩০টি আরটি পিসিআর মেশিন কেনা হচ্ছে। উপজেলাতে জিন এক্সপার্ট মেশিন সেনসেটিভিটি ১০০ শতাংশ। এই মেশিনগুলাকে চালু করার জন্য একটা স্পেশাল ইকুইপমেন্ট লাগে, যেটা আমরা ইতোমধ্যেই সংগ্রহ করার ব্যবস্থা করছি।

তিনি আরও বলেন, আপনারা জানেন মেশিন নষ্ট হতে পারে। যেকোনো মেশিন, এয়ার কন্ডিশনও হতে পারে। এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে কাজ করতে হচ্ছে। আমরা যথাযথ ব্যবহারের চেষ্টা করছি। আমি আশা করব যেই জিনিসগুলো হাসপাতালে দেওয়া হচ্ছে, সেগুলো যথাযথভাবে ব্যবহার করবেন। যত্ন করে ব্যবহার করবেন এবং এটা রক্ষণাবেক্ষণ ঠিকমতো করবেন।

মিডিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আর স্বাস্থ্যখাত নিয়ে সবসময় সংযুক্ত আছেন। আমাদের সমস্ত ঘটনাবলি আপনারা তুলে ধরেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আমাদের গঠনমূলক সমালোচনা করুন, আমাদের দেখিয়ে দেন কোথায় কোথায় কাজ অ্যাড্রেস করতে হবে। কোন জায়গায় করলে পরে দেশের উন্নতি হবে, মঙ্গল হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, সিএমএসডি পরিচালক পরিচালক আবু হেনা মোরশেদ জামানসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com