August 25, 2026, 3:08 am
এখানকার নাগরিকরা কেন যেন রাষ্ট্রের প্রতি তাদের একটা দায়িত্ব যে আছে, ভোট যে তার অধিকার, এটা তারা মনে করছেন না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।
বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের বিষয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন ইসি সচিব।
ইসি সচিব বলেন, এখানকার নাগরিকরা ভোটের দিন তারা মনে করেন যে, কী কষ্ট করে যাবো, কেন ভোট দেব, ভোট দিয়ে আমার লাভ কী- এ ধরনের মনমানসিকতা হয়ে গেছে। এটা দেখবেন যে, উন্নত বিশ্বের দেশগুলোর বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়।
আমেরিকার (যুক্তরাষ্ট্র) ক্ষেত্রে দেখেন, এত উন্নত তারা, সবদিক থেকেই উন্নত। কিন্তু ভোটের ক্ষেত্রে দেখবেন ভোট দিতে যায় না বেশিরভাগ মানুষ। আমাদের দেশেও অনেকটা ওইরকম, উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় এই লক্ষণ দেখা দিয়েছে। দেশ উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে মানসিকতার বদল হয়েছে। মানুষ মনে করে, অন্যের জন্য আমি কেন কষ্ট করে ভোট দিতে যাব?
মো. আলমগীর বলেন, চসিক সিটিতে উপস্থিতি একটু কম ছিল। কারণ আপনারা দেখেছেন যে, শুধু চট্টগ্রামের ক্ষেত্রে না, যেকোনো বড় শহরে নির্বাচন যখন হচ্ছে বিশেষ করে ভাসমান লোকজন বেশি থাকে, বাইরের লোকজন বেশি থাকে, সেখানে একটু উপস্থিতিটা একটু কম হয়। চট্টগ্রামে আমরা আরেকটু বেশি আশা করেছিলাম। দেখা গেছে যে, ভোটার উপস্থিতি আশার চেয়ে একটু কমই হয়েছে।
বিজনেস নিউজ/এমআরএম