August 23, 2026, 7:07 am

ক্রিস্টাল প্যালেসকে ৭ গোলে উড়িয়ে দিয়েছে সালাহর লিভারপুল

ক্রিস্টাল প্যালেসকে ৭ গোলে উড়িয়ে দিয়েছে সালাহর লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে লিভারপুল। ক্রিস্টাল প্যালেসকে ৭ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেদ সালাহর দল। জবাবে একবারের জন্যও অলরেডদের জালে বল জড়াতে পারেনি ক্রিস্টাল প্যালেস।

এই জয়ে দারুণ এক রেকর্ডও গড়েছে লিভারপুল। ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে প্রতিপক্ষের মাঠে সব থেকে বড় ব্যবধানে জয় পেল লিভারপুল।  অন্যদিকে ঘরের মাঠে এই প্রথম ৭ গোল হজম করল ক্রিস্টাল প্যালেস।

ম্যাচে জোড়া গোল করেছেন রবার্তো ফিরমিনো ও মোহামেদ সালাহ।  একটি করে গোল করেন তাকুমি মিনামিনো, সাদিও মানে ও জর্ডান হেন্ডারসন।

ক্রিস্টাল প্যালেসের জালে প্রথমার্ধে ৩ বার ও দ্বিতীয়ার্ধে ৪ বার বল জালে জড়ায় লিভারপুল।

ম্যাচ শুরুর ৩ মিনিটে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন জাপানি ফরোয়ার্ড তাকুমি মিনামিনো। ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নল্ডের লম্বা পাস ডি-বক্সে রিসিভ করেন মানে। তার সুচতুর পাস থেকে বল পান মিনামিনো। ডান পায়ের নিচু শটে দূরের পোস্ট দিয়ে প্যালেসের জালে বল জড়িয়ে দেন তিনি।

৩৫ মিনিটের মাথায় নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করেন সাদিও মানে।

ফিরমিনোর বাড়ানো বল ডি-বক্সে পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন সেনেগালের এ ফরোয়ার্ড।

প্রথমার্ধের একেবারে শেষ দিকে গোল করেন ফিরমিনো। অ্যান্ড্রু রবার্টসনের ক্রস ডি-বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে পায়ের টোকায় জাল খুঁজে নেন ফিরমিনো।

অর্থাৎ প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। যদিও ২ গোল শোধ করতে পারত ক্রিস্টাল প্যালেস।

সুযোগ দুটি পেয়েছিলেন প্যালেসের ঘানার ফরোয়ার্ড জর্ডান আইয়ু। তার দুটি প্রচেষ্টাই রুখে দেন লিভারপুল গোলরক্ষক আলিসন।

৩-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে নেমে শুরুর দিকে লিভারপুলের হয়ে ব্যবধান ৪-০ করেন জর্ডান হেন্ডারসন। ৫২ মিনিটের মাথায় নেন ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে গোলটি করেন লিভারপুল অধিনায়ক।

৬৮ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন ফিরমিনো। ব্যবধান গিয়ে দাঁড়ায় ৫-০ তে।

এমন ব্যবধান নিয়েও সন্তুষ্ট থাকতে পারেননি ইয়ুর্গ্লেন ক্লপের শিষ্যরা।  দলের সেরা তারকা মোহামেদ সালাহ যে গোল করেননি এখনও। কারণ প্রথমার্ধে বেঞ্চে বসেই সতীর্থদের গোলোৎসব উপভোগ করছিলেন সালাহ।

দ্বিতীয়ার্ধে সাদিও মানের বদলি হিসেবে নামেন সালাহ। খেলার শেষ দিকে  ৪ মিনিটের ব্যবধানে ২ গোল করেন সালাহ।

৮১তম মিনিটে হেডে বল জালে পাঠানোর পর ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন মিসরের এ ফরোয়ার্ড।

তাতে ৭-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েন বর্তমান চ্যাম্পিয়নরা।৭ গোলের বিশাল জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল লিভারপুল।

১৪ ম্যাচে ৯ জয় ও চার ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৩১। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। ১৮ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে আছে ক্রিস্টাল।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com