May 20, 2026, 12:41 pm

জানুয়ারিতে পুঁজিবাজার থেকে চাঁদা তুলবে ৩ কোম্পানি

জানুয়ারিতে পুঁজিবাজার থেকে চাঁদা তুলবে ৩ কোম্পানি

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া তৌফিকা ফুড, ই জেনারেশন ও লুব রেফ জানুয়ারিতে পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে চাঁদা তুলবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ই-জেনারেশন

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া ই-জেনারেশন লিমিটেড আগামী ১২ জানুয়ারি থেকে  পুঁজিবাজার চাঁদা তুলবে। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রোকারেজ হাউজগুলোতে আইপিওর চাঁদা গ্রহণ করা হবে।

এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৫তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যের ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার বিক্রি করে ১৫ কোটি টাকা তুলবে। এই টাকায় বাণিজ্যিক স্পেস ক্রয়, লোন পরিশোধ, ডিজিটাল হেলথকেয়ার প্লাটফর্ম উন্নয়ন এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে।

৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮২ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) রয়েছে ২০ টাকা ৫৬ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

তৌফিকা ফুডস

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া ই-জেনারেশন লিমিটেড তৌফিকা ফুডস অ্যান্ড এ্গ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ব্র্যান্ড নাম লাভেলো আইসক্রিম) আগামী ৩ জানুয়ারি থেকে পুঁজিবাজার থেকে চাঁদা তুলবে। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও)মাধ্যমে শেয়ার বিক্রি করে কোম্পানিটি ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। আর এই অর্থ মেশিনারিজ ও ইকুইপমেন্ট ক্রয়,ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ মেটাতে ব্যয় করা হবে। ফিক্সডপ্রাইস পদ্ধতির আইপিওর আওতায় অভিহিত মূল্য ১০ টাকা দরে ৩ কোটি শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

গত ১৫ অক্টোবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের বিএসইসির ৭৪৪তম সভায় লাভেলো আইসক্রিমের আইপিওর অনুমোদন দেয়।

২০১৮-১৯ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ১০ টাকা ৫ পয়সা। অন্যদিকে ২০১৯-২০ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই’১৯-সেপ্টেম্বর’১৯)ইপিএস ছিল ১ টাকা ২০ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর,২০১৯ তারিখে লাভেলো আইসক্রিমের শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস)ছিল ১২ টাকা ১৭ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সন্ধানী লাইফ ফাইন্যান্স।

লুব-রেফ

লুব্রিকেন্ট কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চাঁদা তুলবে আগামী বছরের জানুয়ারিতে। বুক বিল্ডিং শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকার মূলধন উত্তোলন করবে প্রতিষ্ঠানটি।

সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ উত্তোলনের লক্ষ্যে গত ১৮ নভেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৯তম সভায় কোম্পানিটির আইপিওর অনুমোদন দেওয়া হয়।

এতে বলা হয়, লুব-রেফের ১৫০ কোটি টাকার মূলধন উত্তোলনের জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে ৪ কোটি ৫২ লাখ ৮৩ হাজার ১৪টি সাধারণ শেয়ার আইপিওর মাধ্যমে ইস্যুর জন্য কোম্পানিটির প্রসপেক্টাস প্রকাশ করার প্রস্তাব অনুমোদন করেছে কমিশন।

এর আগে লুব-রেফের শেয়ারের প্রান্তসীমা নির্ধারণে এ বছরের ১২ অক্টোবর বিকাল ৫টায় শুরু হয়ে টানা ৭২ ঘণ্টার বিডিং শেষ হয় ১৫ অক্টোবর বিকাল ৫টায়। বিডিংয়ে কোম্পানিটির শেয়ারের প্রান্ত-সীমা মূল্য (কাট-অফ প্রাইস) ৩০ টাকায় নির্ধারণ করেছেন বিনিয়োগকারীরা। পাবলিক ইস্যু রুলস অনুসারে, সাধারণ বিনিয়োগকারীরা প্রান্ত-সীমা মূল্যের চেয়ে ১০ শতাংশ কমে অর্থাৎ ২৭ টাকায় কোম্পানিটি শেয়ার পাবেন।

এ বছরের ২০ আগস্ট নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমিশন সভায় লুব-রেফকে বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়। আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকার মূলধন উত্তোলন করে ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিওর খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুসারে, পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৩১ টাকা ৯৩ পয়সা আর পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া এনএভিপিএস ২৫ টাকা ৯৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮ পয়সা। গত ৫ বছরের আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে ইপিএস ২ টাকা ২৩ পয়সা।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com