May 17, 2026, 11:49 pm

পুঁজিবাজারে সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন চালুর উদ্যোগ

পুঁজিবাজারে সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন চালুর উদ্যোগ

পুঁজিবাজারে গতি বাড়াতে অর্থ বিভাগের পরামর্শে সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ রোববার (২৯ নভেম্বর) মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অফিসে এ বিষয়ে করনীয় ঠিক করতে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, ডিএসই, সিএসই ও সিডিবিএলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, শেয়ারবাজারের গতি বাড়ানোর জন্য সরকারি সব ট্রেজারি বন্ডের লেনদেন চালু করার জন্য আজ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বন্ড বিও আইডির মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে কোন সমস্যা তৈরী হলে, তা সমাধান নিয়েও আলোচনা করা হয়েছে আজকের বৈঠকে। এক্ষেত্রে টেকনিক্যাল বিষয়গুলো দেখবে বাংলাদেশ ব্যাংক ও উভয় স্টক এক্সচেঞ্জ।

ট্রেজারি বন্ডের লেনদেন চালুর মাধ্যমে দেশের শেয়ারবাজারে লেনদেনে বড় ইতিবাচক প্রভাব পড়বে বলে বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা মনে করেন। একইসঙ্গে ফিক্সড ইনকামের সিকিউরিটিজে বিনিয়োগে অনেকে আগ্রহী হবেন বলে তারা ধারনা করছেন।

বৈঠক শেষে শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ সরকারের ট্রেজারি বন্ডসহ সিকিউরিটিজগুলো পুঁজিবাজারে যাতে লেনদেন করা যায়, সেই বিষয়গুলো নিয়ে খোলা-মেলা আলোচনা হয়েছে। তিনি বলেন, সভায় বন্ড চালু করে সেকেন্ডারি মার্কেটে তারল্য বাড়াতে সবাই গুরুত্ব আরোপ করেছেন।

উল্লেখ্য, বর্তমানে ট্রেজারি বন্ডসহ লেনদেন না হওয়া সিকিউটিরিটিজের অর্থের পরিমাণ প্রায় ৬০ হাজার কোটি টাকা। বছরের পর বছর এই টাকা পুঁজিবাজারে লেনদেনহীন হয়ে পড়ে আছে।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com