May 13, 2026, 1:21 am

অর্থমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

অর্থমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

নবনিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী আজ (২ নভেম্বর, ২০২০) বেলা ৩টায় মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে এক ভার্চুয়ার সভার মাধ্যমে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা বাণিজ্য-বিনিয়োগ, শিক্ষা-সংস্কৃতি, দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

মাননীয় অর্থমন্ত্রী নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা স্মরণ করে অর্থমন্ত্রী বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের সাথে ভারতের নাম ওতোপ্রতোভাবে জড়িত। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও ভারত তিনটি নাম মুক্তিযুদ্ধের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। ভারত শুধুমাত্র বাংলাদেশের নিকটতম প্রতিবেশীই নয়, আমাদের বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু। বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখা অত্যন্ত জরুরী। আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এ অঞ্চলের সকল দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে। নবনিযুক্ত হাইকমিশনার দায়িত্ব পালনকালে দু’দেশের সম্পর্কোন্নয়নে সর্বাত্মক প্রয়াস চালাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে যথেষ্ঠ গুরুত্ব দেয় উল্লেখ করে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার বলেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়নসহ অনেক ক্ষেত্রেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অনেক দেশ থেকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে আছে। ভবিষ্যতে আইটি সেক্টর, সাস্থ্যসেবাখাতসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অংশগ্রহন ভারতের জন্যও সম্মানের। বাংলাদেশ ও ভারত ইতিহাস, ভাষা, সংস্কৃতিসহ অনেক বিষয়ে সম্পর্কীত। আমাদের পারস্পারিক সহযোগীতার বহুবিধ সুযোগ রয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে।

এসময় ভারতীয় হাইকমিশনারকে তাঁর দায়িত্ব পালনকালে সকল ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন মাননীয় অর্থমন্ত্রী।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com