May 26, 2026, 1:18 am
কভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত অর্থনীতির মোড় ঘোরাতে প্রায় দেড় লাখ কোটি টাকার ঋণ প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে এ ঋণ বিতরণে বিভিন্ন ব্যাংকের জন্য লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়। তবে প্রণোদনার ঋণের সুদ স্বাভাবিক সুদের তুলনায় কম।
সরকার ঋণের সুদ ৯ শতাংশ নির্ধারণ করে দিলেও প্রণোদনার ঋণে এ সুদের হার চার থেকে পাঁচ শতাংশের মধ্যে। গ্রাহক ঋণের বিপরীতে এ পরিমাণ সুদ পরিশোধ করবে। বাকি সুদ ভর্তুকি দেবে সরকার। গ্রাহকের কাছ থেকে সুদসহ ঋণ আদায়ের পর ভর্তুকি হিসেবে সুদের বাকি অর্থ পেতে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করতে পারবে ঋণদানকারী ব্যাংকগুলো।
এ বিষয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ব্যাংক ঋণ বা বিনিয়োগের ওপর নির্ধারিত সুদ বা মুনাফা আরোপ করবে। ঋণ ও বিনিয়োগ গ্রহীতার অংশ আদায় শেষে পরবর্তী মাসে বাংলাদেশ ব্যাংকের কাছে ভর্তুকি হিসেবে সুদ বা মুনাফা পেতে আবেদন করতে হবে। মাসের প্রথম ১২ কার্যদিবসের মধ্যে আবেদনটি করতে হবে।
জানা গেছে, এজন্য নির্ধারিত ছকে তথ্য দিতে হবে ব্যাংক ও গ্রাহকের। তথ্য যাচাই করেই ভর্তুকির সুদ বা মুনাফা ছাড় করবে ব্যাংক। দেড় লাখ কোটি টাকার প্রণোদনার ঋণ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে কয়েকটিতে বাংলাদেশ ব্যাংক সরাসরি অর্থায়ন করবে। প্যাকেজ ঋণের কয়েকটির সুদহারের অর্ধেকই ভর্তুকি হিসেবে দিচ্ছে সরকার।
এজন্য বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়নযোগ্য তহবিলও গঠন করা হয়েছে। গত এপ্রিল থেকে দেশের সব খাতের ব্যাংকঋণের সুদহার সর্বোচ্চ ৯ শতাংশ করা হয়। এটিও কার্যকরও হয়েছে। শুধু ক্রেডিট কার্ড এই নীতি থেকে অব্যাহতি পেয়েছে।