May 31, 2026, 1:56 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে বাহরাইনের প্রতি আহ্বান জানিয়েছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলাম।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাহরাইনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাহরাইন চেম্বারের মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
অনলাইনে অনুষ্ঠিত এই বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে অংশ নেন বাহরাইন চেম্বারের চেয়ারম্যান সামীর নাস, সিইও শাকের ইব্রাহিম ও ডেপুটি সিইও আব্দুল্লাহ বাদের।
আলোচনার শুরুতেই চেয়ারম্যান সামীর নাস রাষ্ট্রদূতকে বাহরাইনে স্বাগত জানান এবং বন্ধুপ্রতীম দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ করেন।
ড. নজরুল বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস, আইসিটি, গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরে বাহরাইনের বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরেন। এছাড়া রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বাহরাইনকে বিনিয়োগের আহ্বান জানান।
বাহরাইন চেম্বারের পক্ষে সামীর নাস দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন।
দু’দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করার ব্যাপারে দুপক্ষই সম্মত হয়।
রাষ্ট্রদূত এ বৈঠকে বাহরাইন সরকারের করোনা ভাইরাস প্রতিরোধে গৃহীত ব্যবস্থার প্রশংসা করেন। মহামারি পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে বাহরাইনে দক্ষ জনশক্তি নিয়োগের ব্যাপারেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।