August 23, 2026, 10:32 pm
রাজ-শুভশ্রীর ছেলে ইউভানের ১২ সেপ্টেম্বর (রোববার) ছিল প্রথম জন্মদিন। এ উপলক্ষ্যে ভাগ্নের জন্য গান লিখেছিলেন মামা জিৎ। একরত্তিকে সঙ্গীতশিক্ষা দেওয়ার ভারও এখন তার উপর পড়েছে। জন্মদিনেও তাকে গান উপহার দিলেন জিৎ। ছেলের জন্য জিতকে গাইতে দেখে আপ্লুত শুভশ্রী সেই মুহূর্তকে লেন্সবন্দি করে পোস্ট করলেন ইনস্টাগ্রামে। টলিউড ইন্ডাস্ট্রির সবারই জানা রাজ চক্রবর্তী ও জিৎ গাঙুলির মধ্যে সম্পর্কটা দাদা-ভাইয়ের। ফলে শুভশ্রীর সঙ্গেও ভাই-বোনের মতো সম্পর্ক তার। সেই সূত্রেই রাজ-শুভশ্রীর ছেলে ইউভানের মামা হন জিৎ।
২০১৪ সালে ‘সিটিলাইটস’ সিনেমার জন্য তার তৈরি ‘মুস্কুরানে কি ওয়াজা তুম হো’ গানটি গেয়েছেন জিৎ। লাইনটির বাংলা হলো, ‘আমার হাসির কারণ তুমি’। জিৎ মনে করেন এই গানটি তিনি তার ‘গোপাল’ ইউভানের জন্যই লিখেছিলেন। গানের শেষ দিকে জিতের সঙ্গে গলা মিলিয়েছিলেন শুভশ্রী-সহ সেখানে উপস্থিত সবাই। ঘরোয়াভাবে পালিত হয়েছে ইউভানের প্রথম জন্মদিন। রাজ-শুভশ্রীর কাছের বন্ধু এবং আত্মীয়রা অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সেখানে।