August 22, 2026, 2:56 pm

পুলিশের জন্য রাশিয়া থেকে কেনা হচ্ছে দুটি হেলিকপ্টার

পুলিশের জন্য রাশিয়া থেকে কেনা হচ্ছে দুটি হেলিকপ্টার

পুলিশের জন্য রাশিয়া থেকে জি-টু-জি পদ্ধতিতে দুইটি হেলিকপ্টার ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে সরকারি অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ তথ্য জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৮তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক সংক্রান্ত কমিটির বৈঠকে দুইটি ও ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য সাতটি প্রস্তাব উত্থাপন করা হয়। ক্রয় সংক্রান্ত প্রস্তাবনাগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের দুটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুইটি, খাদ্য মন্ত্রণালয়ের একটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল। কমিটির অনুমোদিত ৭টি প্রস্তাবে অর্থের পরিমাণ ৩ হাজার ১৮০ কোটি ১৮ লাখ ১১ হাজার ৭০ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি হতে ব্যয় হবে ২ হাজার ৮৭৪ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ৯১২ টাকা এবং বিশ্বব্যাংক ও দেশীয় ব্যাংক থেকে ঋণ ৩০৫ কোটি ৭৭ লাখ ৩২ হাজার ১৫৮ টাকা।

বৈঠক শেষে অনলাইনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন সাংবাদিকদের বলেন, জননিরাপত্তা বিভাগের অধীনে বাংলাদেশ পুলিশের জন্য জি-টু-জি পদ্ধতিতে রাশিয়া থেকে দুটি হেলিকপ্টার ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক বিদ্যমান আমদানি নীতি আদেশ ২০১৫-২০১৮ এর তিনটি অনুচ্ছেদ-আদেশ নং ৮(৪)(খ), ২৪(১৮) এবং ২৪(২৯)(চ)- সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমটি বাদে বাকি দুইটি অনুমোদন দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com