August 22, 2026, 3:54 pm

কোম্পানির আর্থিক হিসাব যাচাই করতে পারবে এনবিআর

কোম্পানির আর্থিক হিসাব যাচাই করতে পারবে এনবিআর

যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কেনাকাটা থেকে শুরু করে পণ্য বিক্রি, উৎপাদন ও সরবরাহ এবং তারল্য পরিস্থিতিসহ সার্বিক আর্থিক হিসাব বিবরণী যাচাই করতে পারবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সনদপ্রাপ্ত হিসাববিদদের প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেমে (ডিভিএস) প্রবেশ করে এ সুবিধা ভোগ করবে এনবিআরের ভ্যাট কর্মকর্তারা।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির ভ্যাট বিভাগ ও আইসিএবির মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়।

এনবিআরের সম্মেলন কক্ষে ভ্যাট বিভাগের সদস্য মাসুদ সাদিক ও আইসিএবির সভাপতি মাহমুদুল হাসান খসরু নিজ নিজ সংস্থার পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এনবিআরের জনসংযোগ দফতর বিষয়টি নিশ্চিত করে।

এনবিআর সূত্রে জানা যায়, আইসিএবি এর আওতাধীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদন তৈরি করে। যা আইসিএবির ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেমে (ডিভিএস) জমা রাখতে হয়। ভ্যাট কর্মকর্তারা বিশেষ কোড দিয়ে ডিভিএসে ঢুকে এখন থেকে আয়করের পাশাপাশি ভ্যাটের তথ্যও যাচাই–বাছাই করতে পারবেন ভ্যাট কর্মকর্তারা।

এ সময়ে এনবিআর চেয়ারম্যান বলেন, প্রতিষ্ঠানের আয়-ব্যয়, বেচাকেনাসহ সামগ্রিক হিসাবে স্বচ্ছতা প্রতিষ্ঠিত হলে করের বোঝা কমবে। এ জন্য কোম্পানির হিসাব স্বচ্ছ হওয়া জরুরি। স্বচ্ছ হিসাব নিশ্চিত করার ক্ষেত্রে সব পক্ষের দায়িত্ব রয়েছে। বর্তমানে ভ্যাট রিটার্ন দাখিলসহ অন্য অনেক কাজই ডিজিটাল ব্যবস্থায় হচ্ছে। এনবিআর আশা করে এ ক্ষেত্রে ব্যবসায়ীরা সহযোগিতা করবেন, স্বচ্ছ হিসাব রাখবেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com