August 22, 2026, 8:26 pm

পুঁজিবাজার আর পড়বে না, সূচক ১৫-২০ হাজার পয়েন্টে যাবে

পুঁজিবাজার আর পড়বে না, সূচক ১৫-২০ হাজার পয়েন্টে যাবে

দেশের পুঁজিবাজার এখন আলোড়ন সৃষ্টি করেছে। দুর্বল কোম্পানি থেকে বিনিয়োগকারীরা এখন মৌলভিত্তিক কোম্পানিতে বিনিয়োগ শুরু করেছেন। বাজার আর পড়বে না, বাড়বে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রকিবুর রহমান।

শনিবার (০৪ সেপ্টেম্বর) ডিএসইর নতুন ট্রেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান।

তিনি বলেন, পুঁজিবাজারে উত্থান দেখে আমি নিজেই অবাক হয়েছি। এখন বাজার ঘুরে দাঁড়াবেই। আমার ধারণা আগামী বছরে ৫ হাজার কোটি টাকা লেনদেন হবে। আর সূচক কোনো ব্যাপার না। এটি ১০ হাজার উঠবে, ১৫ হাজার উঠবে, ২০ হাজার উঠবে। এটা কোনো বিষয় না।

রকিবুর রহমান বলেন, আজকে ভারতের পুঁজিবাজারের সূচক ৫৪ হাজার। তো সূচক কোনো ব্যাপার না। শেয়ারের দাম বাড়লে, সূচক বাড়বে।

অনেকে পুঁজিবাজার টিকবে কি না জিজ্ঞেস করে উল্লেখ করে তিনি বলেন, আমি বলি হান্ড্রেড পারসেন্ট (১০০ শতাংশ) টিকবে। কারণ ট্রেডিং মার্কেট টিকে। তবে হ্যাঁ কারেকশন হতে পারে। যেমন ৫০ টাকার শেয়ার যখন ১০০ টাকায় উঠে, সেটি ৮০ টাকায় নামতে পারে। তবে সেটি ৫০ টাকায় নামবে না।

উপস্থিত সবার উদ্দেশ্যে ডিএসইর এই পরিচালক বলেন, আপনারা দেখেন মিউচ্যুয়াল ফান্ডগুলো কি পরিমাণ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এই খাতটি আলোড়ন সৃষ্টি করেছে। পৃথিবীর সবদেশে মিউচ্যুয়াল ফান্ড বাজারকে স্থিতিশীল করে। দেশে সেই মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা দেখে আমি নিজেই বেহুশ হয়ে গেছি। তাদের ব্যবসায়িক অর্জন দেখে অবাক হয়ে গেছি। এটা অবিশ্বাস্য (আনবিলিভেবল)।

তিনি বলেন, বর্তমান কমিশন পুঁজিবাজারকে বিশ্ব দরবারে তুলে ধরছে। তারা এরইমধ্যে দুবাই ও আমেরিকা রোড শো করেছে। এরমধ্যে আমেরিকায় বাংলাদেশ অর্থনীতির প্রবৃদ্ধি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে বলে জেনেছি।

মৌলিক শেয়ারের বিনিয়োগ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, এই বাজার পড়বে না। দর কারেকশন হবে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, তারা ১০ লাখ টাকা এনে খেলাধুলা শুরু করে দেয়। এটি করতে গিয়ে কোনদিক দিয়ে সেই টাকা চলে যায়, পরে চিল্লাচিল্লি করে।

তবে এই বাজারে হাজারো বিনিয়োগকারী আছে বলে জানান তিনি। এখানে শুধু ছোট বা ক্ষুদ্র বিনিয়োগকারী না, আমরাও আছি। আরও বড় বিনিয়োগকারী আছে। তারা কিন্তু আবেগ দিয়ে চলে না। তাদের লস নেই। তারা বিনিয়োগ করে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com