August 22, 2026, 9:49 pm
বাজার স্থিতিশীল রাখতে এতদিন ডলার কেনার পর এখন একই উদ্দেশ্যে তা বিক্রি শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আমদানি কমা ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বাড়ায় ডলারের সরবরাহও বেড়েছে। এমন বাস্তবতায় বাজার স্বাভাবিক রাখতে ২০২০-২১ অর্থবছরে রেকর্ড প্রায় ৮ বিলিয়ন (৮০০ কোটি) ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। এরই ধারাবাহিকতায় ২০২১-২২ অর্থবছরের প্রথম মাস জুলাইয়েও ২০ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়।
তবে আমদানি বাড়া ও রেমিট্যান্সের মন্থর গতির কারণে বাজারে ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় টাকার মান ধরে রাখতে মুদ্রাটি বিক্রি শুরু করছে বাংলাদেশ ব্যাংক। আগস্টের তিন সপ্তাহে ২২ কোটি ৩০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবারও ৮৫ টাকা ২০ পয়সা দরে ২ কোটি ডলার বিক্রি করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বাজারে ডলারের সরবরাহ পর্যাপ্ত থাকায় অস্বাভাবিক দাম বাড়ার শঙ্কা নেই। রিজার্ভে রেকর্ড ৪৮ বিলিয়ন (চার হাজার ৮০০ কোটি) ডলারের বেশি জমা আছে। প্রয়োজনমতো সেখান থেকে ডলার বাজারে ছাড়া হবে।
অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, চাহিদা বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকের ডলার বিক্রি স্বাভাবিক একটি প্রক্রিয়া। এটা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ইঙ্গিত দেয়। বৈদেশিক মুদ্রাবাজারে কেন্দ্রীয় ব্যাংকের এ হস্তক্ষেপকে সময়োপযোগী একটা পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন তারা।
গত ৫ আগস্ট থেকে টাকার বিপরীতে ডলারের দাম বাড়ছে। তিন সপ্তাহের ব্যবধানে ডলারের বিপরীতে টাকা ৪০ পয়সা দর হারিয়েছে। ৫ আগস্ট আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার ৮৪ টাকা ৮০ পয়সায় বিক্রি হয়। এক বছরেরও বেশি সময় ধরে একই জায়গায় ‘স্থির’ ছিল ডলারের দর। গত তিন সপ্তাহে তা অল্প অল্প করে বেড়ে বৃহস্পতিবার ৮৫ টাকা ২০ পয়সায় উঠেছে।
দাম বাড়ার লাগাম টেনে ধরতেই কেন্দ্রীয় ব্যাংক বাজারে ডলার ছাড়ছে বলে মনে করছেন গবেষক ও ব্যাংকাররা। তারা বলেছেন, আমদানি বাড়ায় বাজারে ডলারের চাহিদা বেড়েছে। স্বাভাবিক নিয়মেই বাড়ছে দর।
বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ও ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান আহসান এইচ মনসুর বলেন, আমদানি বাড়ায় ডলারের দাম বাড়তে শুরু করেছে। গত অর্থবছরে প্রচুর রেমিট্যান্স আসায় ডলারের সরবরাহ বেড়ে গিয়েছিল। চলতি অর্থবছরে তেমনটি থাকবে বলে মনে হয় না। ইতোমধ্যে তার লক্ষণও দেখা যাচ্ছে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স বাড়েনি। চলতি আগস্ট মাসেও ধীরগতির আভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে আমদানি অনেক বেড়ে গেছে।
তিনি বলেন, সব মিলিয়ে ডলারের চাহিদা বেড়ে গেছে। আর চাহিদা বাড়লে যেকোনো পণ্যের দাম যেমন বাড়ে, ডলারের দামও তেমনি বাড়ছে। এটাই স্বাভাবিক। আর এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক বাজারে হস্তক্ষেপ করে ডলারের দাম বাড়ার সুযোগ করে দিয়ে ঠিক কাজটিই করছে বলে আমি মনে করি। এর ফলে রপ্তানি খাতের ব্যবসায়ীরা সুবিধাজনক অবস্থায় আছেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সেও ইতিবাচক প্রভাব পড়েছে। টাকার মান বেড়ে গেলে অর্থনীতির এই দুই সূচকে নেতিবাচক প্রভাব পড়ত।
আহসান মনসুর বলেন, সামনের দিনগুলোতে প্রবাসী আয় বৈদেশিক মুদ্রা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদি রেমিট্যান্স প্রবাহ কমতে থাকে তাহলে কেন্দ্রীয় ব্যাংককে এখানে এমন নিয়মিত হস্তক্ষেপ করতে হবে। রেমিট্যান্স কমতে থাকলে কেন্দ্রীয় ব্যাংককে আরও ডলার বিক্রি করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম নিউজবাংলাকে বলেন, শিল্পের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি—সব ধরনের পণ্যের আমদানি বাড়ছে। ইউরোপ-আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। বাংলাদেশে করোনা মহামারির মধ্যেই পুরোদমে উৎপাদন কর্মকাণ্ড চলছে।
সব মিলিয়ে আমদানি বাড়াটাই স্বাভাবিক। আর এটা অর্থনীতির জন্য মঙ্গল।
তিনি বলেন, সব মিলিয়ে ডলারের চাহিদা বাড়ায় দাম বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংক বাজারের চাহিদা অনুযায়ী ডলার বিক্রি করছে। এতদিন বাজার স্থিতিশীল রাখতে ডলার কেনা হয়েছিল। এখন সেই একই কারণে বিক্রি করা হচ্ছে। এই কাজটি কেন্দ্রীয় ব্যাংক সবসময়ই করে থাকে। যখন যেটা প্রয়োজন, সেটাই করা হয়।