August 22, 2026, 10:21 pm

তিন ব্যাংকের জরিমানা মওকুফে সাড়া দেয়নি বাংলাদেশ ব্যাংক

তিন ব্যাংকের জরিমানা মওকুফে সাড়া দেয়নি বাংলাদেশ ব্যাংক

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকসহ বেসরকারি খাতের মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ওয়ান ব্যাংককে তথ্য গোপনের জরিমানা মওকুফ আবেদন নাকচ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকের ঋণ মানের তথ্য গোপন করায় এ তিন ব্যাংকে জরিমানা করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (২৩ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ৪১৭তম বোর্ড সভায় বাংলাদেশ ব্যাংকের পর্ষদ এ সিদ্ধান্ত নেয়। বোর্ড সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া বোর্ড সভায় পর্যটন খাতের কর্মচারীদের বেতন পরিশোধে আরও ৫০০ কোটি টাকার পুন:অর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে পর্যটন খাতের হোটেল-মোটেল ও থিম পার্কের কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য ৮ শতাংশ সুদে এক হাজার কোটি টাকার স্কিম গঠন করা হয়েছিল।

নতুন ৫০০ কোটি টাকাসহ এ খাতে ঋণ দেওয়ার জন্য দেড় হাজার কোটি টাকার পুন:অর্থায়ন স্কিম গঠন সম্পন্ন হলো। মোট ৮ শতাংশ সুদের ৪ শতাংশ দেবে সরকার এবং বাকি ৪ শতাংশ গ্রাহকদের দিতে হবে।

এর আগে তাহেরা অ্যাপারেলস লিমিটেড, ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড এবং রুপা শিপিং লাইনসের ঋণ খেলাপির তথ্য গোপন করায় অগ্রণী ব্যাংককে জরিমানা করেছিল বাংলাদেশ ব্যাংক। জরিমানা মওকুফে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছিল ব্যাংকটি তবে বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী জরিমানা মওকুফে কোনো সাড়া দেয়নি পর্ষদ।

আর সিআইবি রিপাের্টে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গ্রাহক মামুন এন্টারপ্রাইজের ঋণ তথ্য গোপনের জন্য জরিমানা করে কেন্দ্রীয় ব্যাংক। আর আইন লংঘন করায় একইভাবে জরিমানা করা হয় ওয়ান ব্যাংকে। তবে দুই ব্যাংকের আরোপিত জরিমানাও মওকুফে সাড়া দেয়নি কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ।

এদিকে প্রস্তাবিত ‘পিপলস ব্যাংক লিমিটেড’ এর অনুকূলে ইস্যুকৃত লেটার অব ইনটেন্টের শর্তাবলী পূরণের সময় বৃদ্ধির বিষয়ে নির্ধারিত আলোচনা হওয়ার কথা থাকলেও এ নিয়ে কোনো আলোচনা হয়নি। সভায় ২০২০-২০২১ অর্থবছরের তফসিলি ব্যাংকসমূহ কর্তৃক কৃষি ও পল্লী ঋণ বিতরণ ও বাস্তবায়ন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট আর্থিক সংকট মোকাবিলায় কৃষি খাতের জন্য ২য় পর্যায়ে পুন:অর্থায়ন স্কিম গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com