August 20, 2026, 10:17 am

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অভিযোগের সুযোগ নেই: চিফ হুইফ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অভিযোগের সুযোগ নেই: চিফ হুইফ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধী দলের অভিযোগের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইফ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, বর্তমান সংবিধানের বিধান অনুযায়ী ভোটার তালিকা প্রণয়ন, তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ও শপথ গ্রহণসহ রাষ্ট্রপতি নির্বাচনের সব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিফ হুইফ জানান, আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল ৫টার পরপরই সবার উপস্থিতিতে ভোট গণনা করা হবে এবং ফলাফল ঘোষণা করা হবে।

ভোটগ্রহণের সরাসরি সম্প্রচার প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, ভোট শুরুর পাঁচ মিনিট আগে থেকে লাইভ সম্প্রচার শুরু হবে। ভোট চলাকালে তিন ঘণ্টা সরাসরি সম্প্রচার বন্ধ থাকলেও পুরো ভোটগ্রহণ প্রক্রিয়ার অখণ্ড রেকর্ড সংরক্ষণ করা হবে। পরে ভোট গণনা ও ফলাফল ঘোষণার সময় আবারও লাইভ সম্প্রচার করা হবে।

নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

শপথের নিয়ম সম্পর্কে চিফ হুইফ বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর এখন প্রধান বিচারপতির পরিবর্তে সংসদের স্পিকার রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। বর্তমানে স্পিকারের অনুপস্থিতিতে যিনি ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন, তিনিই শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হলে তার সংসদ সদস্য পদ ও মন্ত্রিত্বের কী হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নূরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই তার সংসদ সদস্য পদ ও মন্ত্রিত্ব স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। এ জন্য শপথের আগে আলাদাভাবে পদত্যাগ করার প্রয়োজন হবে না।

তিনি আরও জানান, অসুস্থতার কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না।

তবে বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যেহেতু একজন সংসদ সদস্য, তাই তিনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।

ইএটি

 

Please Share This Post in Your Social Media


Leave a Reply

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com