August 20, 2026, 10:21 am
প্রায় ৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটাভুটি হচ্ছে দেশে। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। বিকেল ৫টা পর্যন্ত চলবে এ ভোট।
মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হলেও অসুস্থতার কারণে দেশের বাইরে থাকায় ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস ভোট দিতে পারছেন না। ফলে আজ ভোট দেবেন ৩৪৮ জন সংসদ সদস্য।
রাষ্ট্রপতি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সংসদের চট্টগ্রাম-৪ আসনটি শূন্য থাকায় মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন। নির্বাচনে জয়ী হতে একজন প্রার্থীকে কমপক্ষে ১৭৫টি ভোট পেতে হবে।
সংসদে বিএনপি জোটের প্রায় ২৫০ জন সংসদ সদস্য থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সুযোগ না থাকায় বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সহজ হবে। তিনি নির্বাচিত হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হবেন।
রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও সংসদ সদস্য হিসেবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে রাষ্ট্রপতি নির্বাচিত হলে সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য পদ শূন্য হবে।
একই সঙ্গে মন্ত্রীর পদ থেকেও তাকে পদত্যাগ করতে হবে। অন্যদিকে সংসদ সদস্য না হওয়ায় অপর প্রার্থী কর্নেল অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণের জন্য সংসদ কক্ষে চারটি ব্যালট বাক্স রাখা হয়েছে। সংসদ সদস্যরা প্রকাশ্যে ভোট দেবেন। ব্যালটে ভোটারের নামের পাশাপাশি তিনি কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, সেটিও উল্লেখ থাকবে।
ভোটগ্রহণের আগে সংসদ কক্ষে স্পিকারের আসনের সামনে নির্ধারিত স্থানে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা, নির্বাচন কমিশন সচিব এবং সংসদ সচিবালয়ের সচিব অবস্থান নেন। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসেই ভোট দিচ্ছেন। নির্বাচন পরিচালনায় সহায়তার জন্য নির্বাচন কমিশন থেকে ২০ জন কর্মকর্তার তালিকাও সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে।
১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে ভোটাভুটি হচ্ছে। এর আগে প্রায় সব রাষ্ট্রপতি নির্বাচনেই ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সর্বশেষ ১৯৯১ সালে সরাসরি ভোটাভুটিতে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হন।
এবারের নির্বাচনে বিএনপি জোটের প্রায় ২৫০ জন সংসদ সদস্য ভোটার। দলীয় সংসদ সদস্য না হওয়ায় আটজন স্বতন্ত্র এমপি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এরই মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছে ভোট চাওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে অসুস্থতার কারণে দেশের বাইরে অবস্থান করায় ভোট দিতে পারবেন না বলে স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
ভোট দিতে সংসদ সদস্যদের দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সংসদ কক্ষে প্রবেশ করতে হচ্ছে। ভোট দেওয়ার সময় সংসদ সচিবালয়ের সরবরাহ করা পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। নিজ নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে নাম ও বিভক্তি নম্বর মুদ্রিত ব্যালট সংগ্রহ করে নির্ধারিত নিয়মে ভোট দিতে হচ্ছে।
গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর শূন্য পদে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত ৬ আগস্ট তপসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই তপসিল অনুযায়ী আজ বৃহস্পতিবার সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
ইএটি
Leave a Reply
You must be logged in to post a comment.