August 22, 2026, 12:15 pm

ফ্রিজ এসি মোটরসাইকেল নির্মাতাদের কর ছাড়

ফ্রিজ এসি মোটরসাইকেল নির্মাতাদের কর ছাড়

ফ্রিজ, মোটরসাইকেল, কম্প্রেসার ও এয়ার কন্ডিশনার নির্মাণ প্রতিষ্ঠানের কর্পোরেট কর কমিয়ে ১০ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

২০৩২ সালের জুন পর্যন্ত ফ্রিজার, ফ্রিজ, মোটরসাইকেল, কম্প্রেসার ও এয়ার কন্ডিশনার নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো শর্ত সাপেক্ষে এমন সুবিধা ভোগ করবেন।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সই করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। গত ২১ অক্টোবর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল খাতে দেশি শিল্প সুরক্ষায় এমন বাড়তি সুবিধা দেওয়া হলো। বর্তমানে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নয় এমন ইলেকট্রনিক পণ্য সংযোজনকারী এবং নির্মাতাদের আয়ের ওপর ৩০ শতাংশ কর প্রদান করতে হয় এবং তালিকাভুক্ত কোম্পানিগুলো ২২.৫ শতাংশ কর প্রদান করে।

প্রজ্ঞাপন বলা হয়েছে, সরকার খুচরা যন্ত্রাংশসহ পূর্ণাঙ্গ ফ্রিজার, ফ্রিজ, মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার ও কম্প্রেসার তৈরির ক্ষমতাসম্পন্ন শিল্প প্রতিষ্ঠানের বাণিজ্যিক উৎপাদন আরম্ভের তারিখ থেকে কেবল শিল্পের ব্যবসা থেকে অর্জিত আয়ের ওপর প্রদেয় আয় কর শর্ত সাপেক্ষে হ্রাস করে ১০ শতাংশ করা হলো।

এক্ষেত্রে নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কর সুবিধা পেতে কিছু শর্ত পূরণ করতে হবে। যার মধ্যে রয়েছে-

শিল্প প্রতিষ্ঠানটিকে কোম্পানি আইন ১৯৯৪ এর অধীনে নিবন্ধিত হতে হবে। কারখানাগুলোতে তাদের নিজস্ব ছাঁচ এবং ডাইভ তৈরির সুবিধা, পলি ইউরেথেন ফোমিং প্ল্যান্ট, পাউডার আবরণ প্ল্যান্ট থাকতে হবে, নিজস্ব বর্জ্য শোধনাগার থাকতে হবে।

এছাড়া আয় বছর শেষ হওয়ার তিন বছরের মধ্যে উৎপাদন ক্ষমতা বাড়াতে বা নতুন যন্ত্রপাতি কিনতে বা অন্য কারখানা স্থাপনের জন্য কোম্পানিগুলোকে অব্যাহতিপ্রাপ্ত আয়ের ১০ শতাংশ বিনিয়োগ করতে হবে। তাদের বিনিয়োগ সমর্থনকারী উপযুক্ত নথিও জমা দিতে হবে।

অব্যাহতিপ্রাপ্ত কোনো শিল্প প্রতিষ্ঠান শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে এনবিআর কর্তৃক প্রদত্ত অব্যাহতি বাতিল করবে বলেও শর্তে বলা হয়েছে।

ফ্রিজার, ফ্রিজ, মোটরসাইকেল, কম্প্রেসার ও এসির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দেশি ও বিদেশি ব্র্যান্ডগুলোকে দেশে বিনিয়োগে আরও উৎসাহিত করতে এমন সুবিধা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com