August 22, 2026, 8:18 pm

স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান বিসিক চেয়ারম্যানের

স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান বিসিক চেয়ারম্যানের

শতভাগ স্বচ্ছতার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত নতুন কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. মোশতাক হাসান।

সোমবার (৬ সেপ্টেম্বর) বিসিকে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বিসিক চেয়ারম্যান বলেন, শতভাগ স্বচ্ছতার মাধ্যমে ২০২১ সালে ৯ম ও ১০ গ্রেডের বিভিন্ন পদে কর্মকর্তা নিয়োগ কার্যক্রম সম্পাদন করা হয়েছে।

বিসিকের মাধ্যমে দেশে শিল্পায়নের ভিত্তি স্থাপন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালে তৎকালীন যুক্তফ্রন্ট সরকারের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে প্রাদেশিক আইন পরিষদে আইন পাসের মাধ্যমে বিসিক (তৎকালীন ইপসিক) প্রতিষ্ঠা করেন।

মো. মোশতাক হাসান আরও বলেন, বিসিক ২০৪১ সালে পরিবেশবান্ধব শিল্পসমৃদ্ধ উন্নত বাংলাদেশ বিনির্মাণে মহাপরিকল্পনা গ্রহণ করেছে। কর্মনিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে ২০৪১ সালে পরিবেশবান্ধব শিল্পসমৃদ্ধ উন্নত বাংলাদেশ বিনির্মাণে বিসিক কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

ওরিয়েন্টেশন কোর্সের শুরুতে স্বাগত বক্তব্য দেন- বিসিক মহাব্যবস্থাপক (বিপণন) অখিল রঞ্জন তরফদার, বিসিক মহাব্যবস্থাপক ও অধ্যক্ষ বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিটিআই) প্রকৌশলী মো. শফিকুল আলম।

পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষের সভাপতিত্বে ওরিয়েন্টেশন কোর্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) নেপাল চন্দ্র কর্মকার, পরিচালক ( প্রকৌশল ও প্রকল্প বাস্তবায়ন) মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী, বিসিক সচিব মো. মফিদুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন বিসিক প্রশিক্ষণ শাখার ব্যবস্থাপক লায়লা জেসমিন, কর্ম ব্যবস্থাপনা শাখার ব্যবস্থাপক স্নিগ্ধা রায়সহ বিসিক কর্মকর্তারা।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com