February 22, 2026, 10:36 pm

বিদেশিরা শেয়ারবাজার ছাড়ছেই, বাড়ছে স্থানীয় বিনিয়োগকারী

বিদেশিরা শেয়ারবাজার ছাড়ছেই, বাড়ছে স্থানীয় বিনিয়োগকারী

দেশের শেয়ারবাজারে আবারও বাড়ছে বিনিয়োগকারীর অংশগ্রহণ। চলতি বছরের প্রথম দেড় মাসে প্রতি কার্যদিবসে গড়ে ২৬০টি করে বেনিফিসিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে। ফলে এ সময়ে মোট ৮ হাজার ৩৩৪টি নতুন বিও হিসাব যুক্ত হয়েছে। তবে সামগ্রিকভাবে বিনিয়োগকারীর সংখ্যা বাড়লেও বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের অংশগ্রহণে ভাটা পড়েছে—চলতি বছরেই তাদের ৪৪৩টি বিও হিসাব কমেছে।

শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে বিনিয়োগকারীরা যে হিসাব খুলে থাকেন, সেটিই বিও হিসাব নামে পরিচিত। এই হিসাব ছাড়া শেয়ার লেনদেন সম্ভব নয়। বিও হিসাবের তথ্য সংরক্ষণ ও তদারকির দায়িত্বে রয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।

সিডিবিএলের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪৮ হাজার ৭০৯টি। ২০২৫ সাল শেষে যা ছিল ১৬ লাখ ৪০ হাজার ৩৭৫টি। অর্থাৎ চলতি বছরের ৩২ কার্যদিবসে গড়ে প্রতিদিন ২৬০টি করে হিসাব বেড়েছে।

তবে এই বৃদ্ধির বিপরীতে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের শেয়ারবাজার ছাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। বর্তমানে তাদের নামে বিও হিসাব রয়েছে ৪৩ হাজার ১০৬টি, যা ২০২৫ সালের শেষে ছিল ৪৩ হাজার ৫৪৯টি। অর্থাৎ চলতি বছরে ৪৪৩টি হিসাব কমেছে—প্রতি কার্যদিবসে গড়ে ১৪ জন করে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারী বাজার ছেড়েছেন।

বিদেশিদের বাজার ছাড়ার প্রবণতা নতুন নয়। ২০২৩ সালের ২৯ অক্টোবর বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৫৫ হাজার ৫১২টি। সেই তুলনায় এখন পর্যন্ত কমেছে ১২ হাজার ৪০৬টি হিসাব।

অন্যদিকে স্থানীয় বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে। বর্তমানে দেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ৬৫৯টি, যা ২০২৫ সালের শেষে ছিল ১৫ লাখ ৭৯ হাজার ২৩টি। অর্থাৎ চলতি বছরে দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ৮ হাজার ৬৩৬টি—প্রতি কার্যদিবসে গড়ে ২৭০টি।

যদিও সাম্প্রতিক সময়ে বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে, তবু দীর্ঘমেয়াদি চিত্র ভিন্ন। ২০২৪ সালের শুরুতে মোট বিও হিসাব ছিল ১৭ লাখ ৭৩ হাজার ৫৫১টি। বর্তমানে তা নেমে এসেছে ১৬ লাখ ৪৮ হাজার ৭০৯-এ। অর্থাৎ এই সময়ে মোট কমেছে ১ লাখ ২৪ হাজার ৮৪২টি হিসাব।

লিঙ্গভিত্তিক হিসাবে দেখা যায়, বর্তমানে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব রয়েছে ১২ লাখ ৪০ হাজার ৫৩০টি, যা গত বছরের শেষে ছিল ১২ লাখ ৩৩ হাজার ৭৪৩টি। অর্থাৎ চলতি বছরে পুরুষ বিনিয়োগকারীর হিসাব বেড়েছে ৬ হাজার ৭৮৭টি।
নারী বিনিয়োগকারীদের বিও হিসাব বর্তমানে ৩ লাখ ৯০ হাজার ২৩৫টি, যা ২০২৫ সালের শেষে ছিল ৩ লাখ ৮৮ হাজার ৮২৯টি। এ সময়ে বেড়েছে ১ হাজার ৪০৬টি হিসাব।

কোম্পানির নামেও বিও হিসাব বেড়েছে। বর্তমানে কোম্পানি বিও হিসাব রয়েছে ১৭ হাজার ৯৪৪টি, যা গত বছরের শেষে ছিল ১৭ হাজার ৮০৩টি। বেড়েছে ১৪১টি হিসাব।

হিসাবের ধরন অনুযায়ী, একক নামে বিও হিসাব রয়েছে ১১ লাখ ৯০ হাজার ৩৪৩টি, যা ২০২৫ সালের শেষে ছিল ১১ লাখ ৮২ হাজার ৭১৫টি। বেড়েছে ৭ হাজার ৬২৮টি।
যৌথ নামে বিও হিসাব বর্তমানে ৪ লাখ ৪০ হাজার ৪২২টি, যা গত বছরের শেষে ছিল ৪ লাখ ৩৯ হাজার ৮৫৭টি। এ ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে ৫৬৫টি হিসাব।

সব মিলিয়ে শেয়ারবাজারে দেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়লেও বিদেশি ও প্রবাসীদের ধারাবাহিক প্রস্থান বাজারের জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠছে।

ইএটি

Please Share This Post in Your Social Media


Leave a Reply

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com