February 22, 2026, 10:37 pm

এক প্লেট ইফতারে খরচ পড়ছে ১৬৮ টাকা

এক প্লেট ইফতারে খরচ পড়ছে ১৬৮ টাকা

পবিত্র রমজানের শুরুতেই রাজধানীর কাঁচাবাজার ও ইফতারসামগ্রীর দোকানে দামের উর্ধ্বগতি দেখা দিয়েছে। লেবু, চিনি, খেজুর, শসা, বেগুন, ফলসহ বিভিন্ন ইফতার সামগ্রীর দাম গত বছরের তুলনায় ২৫ থেকে ৫০ শতাংশ বেড়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে দেখা গেছে, লেবুর দাম রীতিমতো আকাশছোঁয়া। রমজান শুরুতে এক হালি লেবু বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, যা গত বছর ছিল ৪০ থেকে ৫০ টাকা। এক গ্লাস লেবুর শরবত তৈরিতে প্রয়োজন একটি মাঝারি লেবু এবং দুই-তিন টাকার চিনি। তবে চিনির দামও বেড়েছে, প্রতি কেজি চিনি গত বছরের তুলনায় ১০ টাকা বেশি।

ইফতারের অন্যান্য জনপ্রিয় খাবারের দামও বাড়েছে। এক কেজি খেজুরের দাম এখন ৪০০ থেকে ৪৫০ টাকা, মুড়ি ৯০ টাকা, ছোলা ৭৫ থেকে ৯০ টাকা, আলুর চপ ও পিঁয়াজু ১০ টাকা করে, ডিমচপ ২০ টাকা, বুন্দিয়া ২০০ টাকিতে বিক্রি হচ্ছে কেজিতে। শসার কেজি ১২০ টাকা এবং বেগুনের কেজি ১২০ টাকা।

ফলের বাজারেও স্বস্তি নেই। আপেলের কেজি ৪২০ টাকা, মাল্টা ৪০০ টাকা, আঙুর ৪৫০ টাকা। কলার দামও ৫০ থেকে ৬০ টাকা হালি প্রতি। বাজারদর বাড়ার মূল কারণ হিসেবে বিক্রেতারা পাইকারি বাজারের দাম বৃদ্ধি ও পরিবহন খরচকে উল্লেখ করেছেন।

বেসরকারি চাকরিজীবী অপু ইসলাম বলেন, “প্রতিবছরই রমজান এলে দাম বাড়ে, এবারও ইফতারসামগ্রীর দাম বেড়েছে। কিন্তু আমাদের আয় একই, ফলে খরচ করতে হিমশিম খেতে হচ্ছে।”

অন্যদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার মনিটরিং চালাচ্ছে। তবে গত কয়েকদিনে রংপুর ও মৌলভীবাজারে অভিযান চালাতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে কর্মকর্তাদের কাজ ব্যাহত হয়েছে। কর্মকর্তারা জরিমানা প্রয়োগের পরও বাজার ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে অভিযান বন্ধ করতে চাপ সৃষ্টি করেছেন।

ইএটি

Please Share This Post in Your Social Media


Leave a Reply

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com