April 8, 2026, 10:11 pm
পবিত্র রমজানের প্রথম দিনেই সারাদেশে নিত্যপণ্যের বাজারে চড়াভাব দেখা দিয়েছে।
গত সপ্তাহের তুলনায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই অধিকাংশ পণ্যই বিক্রি হচ্ছে বাড়তি দামে। লেবু, পেঁয়াজ, শাকসবজি, ছোলা, খেজুর থেকে শুরু করে মাংস—সবকিছুর দামেই ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।
দুই সপ্তাহের ব্যবধানে লেবুর দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। সপ্তাহখানেক আগে ৪০ টাকার হালি বিক্রি হওয়া লেবু এখন স্থানভেদে ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
দেশি পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫২ থেকে ৭০ টাকায়। বাজারভেদে দামে কিছুটা তারতম্য থাকলেও নিম্নমানের পণ্য ছাড়া কম দামে মিলছে না বলে জানিয়েছেন ক্রেতারা।
রমজানের চাহিদাসম্পন্ন সবজি বেগুন, কাঁচা মরিচ ও শসার দামও ছাড়িয়েছে শতকের ঘর। ইফতার আয়োজনে এসব পণ্যের চাহিদা বেশি থাকায় বাজারে এর প্রভাব পড়েছে বলে জানান বিক্রেতারা।
ছোলা মানভেদে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকায়। আর ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর ৩০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।
ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৯০ থেকে ২০০ টাকায়। গরুর মাংসের দামও ঊর্ধ্বমুখী।
বিক্রেতাদের দাবি, রমজানে এসব পণ্যের চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তবে সেই তুলনায় সরবরাহ পর্যাপ্ত না থাকায় দাম কিছুটা বেড়েছে।
অন্যদিকে ক্রেতারা বলছেন, রমজান এলেই অসাধু ব্যবসায়ীরা সুযোগ নেয়। বাজারে কার্যকর মনিটরিং না থাকায় প্রতিবছরই এমন পরিস্থিতি তৈরি হয়। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি ও বাজার তদারকির দাবি জানিয়েছেন তারা।
ইএটি