April 8, 2026, 10:07 pm
ঈদের আগেই রমজান মাসে পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ সচিবালয় অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
মন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড কর্মসূচির বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। কীভাবে এটি কার্যকর করা হবে, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি বলেন, “ফ্যামিলি কার্ড দেওয়া হবে—এটা নিয়েই আজ আলোচনা হয়েছে। কার্যক্রম কীভাবে শুরু হবে, সেই কাঠামো নিয়ে আমরা কথা বলেছি।”
কত পরিবার এ সুবিধার আওতায় আসবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি একটি সার্বজনীন উদ্যোগ হিসেবে ভাবা হচ্ছে, যেখানে কোনো কঠোর বিধিনিষেধ থাকবে না। তবে বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
প্রাথমিকভাবে হতদরিদ্র পরিবার দিয়ে কার্যক্রম শুরু হতে পারে। এরপর পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, সরকারের প্রধান চান অন্তত পাইলট প্রকল্প হিসেবে ঈদের আগেই কার্যক্রম শুরু হোক। “এইটুকু আমি জানি, ঈদের আগেই পাইলট হিসেবে চালু করার ইচ্ছা রয়েছে। বাস্তবায়নের প্রক্রিয়া কীভাবে শুরু হবে, তা নিয়েই আজ বিস্তারিত আলোচনা হয়েছে,” যোগ করেন তিনি।
ইএটি