February 20, 2026, 10:12 pm
নতুন সরকার শিক্ষার্থীদের পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। ঈদুল ফিতরের পর শিক্ষা মন্ত্রণালয় এই পরিবর্তনের রোডম্যাপ প্রকাশ করবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, নতুন শিক্ষানীতি বাস্তবায়নের জন্য তিন ধাপের টাইমলাইন নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপ চলবে এখন থেকে ঈদুল ফিতর পর্যন্ত। এই ধাপে ‘বাজেট ও প্রকল্প বাস্তবায়নের ডায়াগনস্টিক রিভিউ’, ‘উন্নয়ন বাজেটের ৫৩ শতাংশ ফেরত যাওয়ার কারণভিত্তিক রুট-কজ অ্যানালাইসিস’, এবং ‘শিক্ষকদের ট্যাব প্রদান, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ভাষা শিক্ষার পাইলট ডিজাইন’ সম্পন্ন করা হবে।
দ্বিতীয় ধাপ শুরু হবে ঈদুল ফিতরের পর। এই ধাপে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি নিয়ে জাতীয় শিক্ষা রোডম্যাপ ঘোষণা করা হবে। রোডম্যাপে থাকবে মন্ত্রণালয়ভিত্তিক ও বিভাগভিত্তিক পরিমাপযোগ্য সূচক।
তৃতীয় ধাপ হবে ১২ থেকে ৩৬ মাসের মধ্যে। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, এই ধাপে পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় টেকনিক্যাল রিফর্ম করা হবে। এছাড়া কারিগরি, সাধারণ ও মাদরাসা শিক্ষায় সেতুবন্ধ (ব্রিজিং) কার্যক্রম চালু হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা ও উদ্ভাবন (ইনোভেশন) গ্র্যান্ট বৃদ্ধি করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য হল শিক্ষাব্যবস্থা আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের সক্ষমতা অনুযায়ী মূল্যায়ন নিশ্চিত করা।”
ইএটি
Leave a Reply
You must be logged in to post a comment.