February 20, 2026, 10:15 pm

ফেব্রুয়ারির ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার

ফেব্রুয়ারির ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার

জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন পবিত্র রমজানকে কেন্দ্র করে বৈধ পথে দেশে অর্থ পাঠানোতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখাচ্ছেন প্রবাসীরা। এরই ধারাবাহিকতায় চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৮ দিনে ২ বিলিয়ন (২০০ কোটি) ডলারের বেশি রেমিট্যান্স দেশে এসেছে। বিশেষজ্ঞরা আশা করছেন, মাস শেষে এই পরিমাণ ৩ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন ও রমজানকে কেন্দ্র করে পরিবারের বাড়তি খরচ মেটাতে প্রবাসীরা বেশি করে বৈধ পথে অর্থ পাঠাচ্ছেন। রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে প্রবাসীরা পাঠিয়েছেন ৩১৭ কোটি ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৮,৬৭৪ কোটি টাকা। একক মাস হিসেবে এটি দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এর আগে ডিসেম্বরে এসেছে ৩২২ কোটি ডলার এবং সর্বোচ্চ একক মাসের রেকর্ড ছিল ৩২৯ কোটি ডলার (গত বছরের মার্চে)।

মাসভিত্তিক চিত্রে দেখা যায় –জুলাই: ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার আগস্ট: ২৪২ কোটি ১৯ লাখ ডলার সেপ্টেম্বর: ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার অক্টোবর: ২৫৬ কোটি ৩৫ লাখ ডলারনভেম্বর: ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার ডিসেম্বর: ৩২২ কোটি ৬৬ লাখ ডলার জানুয়ারি: ৩১৭ কোটি ডলার

২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসীরা মোট ২,১৫৬ কোটি ডলার পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২২.৩ শতাংশ বৃদ্ধি।

রিজার্ভ পরিস্থিতি অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৫৪ বিলিয়ন ডলার, তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী প্রকৃত রিজার্ভ ২৯.৮৬ বিলিয়ন ডলার।

সংশ্লিষ্টরা মনে করছেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই প্রবাসী আয়ে গতি ফিরে এসেছে।

ইএটি

Please Share This Post in Your Social Media


Leave a Reply

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com