February 20, 2026, 10:14 pm
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “একটি বিধ্বস্ত অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থার ওপর দিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। আমরা জনগণের ট্যাক্সে চলি, তাই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের ওপর উপস্থাপনা করেন মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী।
মন্ত্রী বলেন, সফল রাষ্ট্র গঠনে সবার ঐক্যবদ্ধ কার্যক্রম অপরিহার্য। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভিন্নমত ও বিভেদ ভুলে দল একটি টিম হিসেবে কাজ করলে উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা মানে শুধুমাত্র প্রশাসনিক কাঠামো ঠিক করা নয়, বরং জনগণের আস্থা পুনরুদ্ধার করা। কার্যকর প্রতিষ্ঠানই শক্তিশালী ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠনের ভিত্তি। তিনি উল্লেখ করেন, গ্রামের মানুষের কষ্ট লাঘব করা রাষ্ট্র, সমাজ ও সচেতন নাগরিকদের দায়িত্ব। সরকারের লক্ষ্য, কর্মসংস্থান সৃষ্টি, আইনশৃঙ্খলা উন্নয়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনা।
মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এই মন্ত্রণালয় সরাসরি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত। দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী রাষ্ট্র বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নির্বাচনী ইশতেহার ও ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি জনগণের সঙ্গে করা একটি সামাজিক চুক্তি।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়ই জোর দিয়ে বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে অগ্রাধিকার দিলে নির্বাচনী ইশতেহার ও ৩১ দফার বাস্তবায়ন সম্ভব। কল্যাণমুখী, মানবিক ও টেকসই রাষ্ট্র গঠনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সক্রিয় ও আন্তরিক উদ্যোগই হতে পারে পরিবর্তনের প্রধান চালিকা শক্তি।
ইএটি
Leave a Reply
You must be logged in to post a comment.