August 28, 2026, 3:50 pm

শতভাগ সন্তুষ্ট নয় বিএনপি, তবে ‘মোটামুটি খুশি’: নজরুল ইসলাম খান

শতভাগ সন্তুষ্ট নয় বিএনপি, তবে ‘মোটামুটি খুশি’: নজরুল ইসলাম খান

জাতীয় নির্বাচন নিয়ে শতভাগ সন্তুষ্ট হওয়া কঠিন হলেও দলটি মোটামুটি খুশি বলে জানিয়েছেন নজরুল ইসলাম খান। অতীতের তুলনায় এবারের ভোটে প্রাণহানি না থাকাকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ভোটের অফিসিয়াল চূড়ান্ত ফল জানতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, দেশে দীর্ঘদিন ভোট না দেওয়ার সংস্কৃতি তৈরি হয়েছিল, ফলে সবাইকে পুরোপুরি ভোটমুখী করা যায়নি। তবে দিনটি বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য।
ভোটের পরিবেশ নিয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, শতভাগ সন্তুষ্ট হওয়া কঠিন ব্যাপার। তারপরও বিএনপি মোটামুটি খুশি। আগে অনেক নির্বাচনে প্রাণহানির ঘটনা ঘটেছে, কিন্তু এবার আল্লাহর অশেষ মেহেরবানিতে তেমন কিছু হয়নি।
নির্বাচনে দায়িত্ব পালন করা সংবাদকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের মাধ্যমেই জনগণ বিএনপির কর্মপরিকল্পনা জানতে পেরেছে এবং সে অনুযায়ী ভোট দিয়েছে।
জুলাইয়ের শক্তি নিয়ে জাতীয় সরকার গঠনের পরিকল্পনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ভাষায় তিনি কখনও এমন কথা বলেননি।
বিজয়ের দাবি করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, নির্বাচন কমিশনে থাকা দলীয় প্রতিনিধিদের পাওয়া ফল অনুযায়ী দুই-তৃতীয়াংশ বা তারও বেশি আসনে বিএনপি জয়ী হয়েছে। জোটের অনেক প্রার্থীও বিজয়ী হয়েছেন। এর মাধ্যমে জনগণ আগামী পাঁচ বছর দেশের কল্যাণের দায়িত্ব বিএনপি এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর ওপর দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার কথাও জানান।
অন্যদিকে, জনগণের রায় প্রতিফলিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নিয়ে করা প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি ২৯২ আসনে প্রার্থী দিয়েছিল এবং সবাই জয়ী হবে—এমন প্রত্যাশা ছিল। অনেকেই জয়ী হতে পারেননি, তবুও ভবিষ্যতে ফল আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com